ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। ভোর রাতে চালানো এই হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩১ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মাত্র একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার একটি আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর অনেক মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনতে নিরলস চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

