গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এবং সাগরপাড়া থানার পুলিশ দু’টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ছ’রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করল। মঙ্গলবার রাতে জলঙ্গি থানার পুলিশ খবর পায় কীর্তনীয়াপাড়ার বাসিন্দা জনৈক্য আয়ুব শেখ নামে এক ব্যক্তি অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে নিজের বাড়িতে কিছু আগ্নেয়াস্ত্র জড়ো করে রেখেছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জলঙ্গি থানার পুলিশ আয়ুব শেখের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ‘ইম্প্রোভাইজড’ মাস্কেট সহ তাকে গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্রগুলো বাড়ির একটি গোপন কুঠুরিতে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে- আয়ুবের বিরুদ্ধে মুর্শিদাবাদের জলঙ্গি ছাড়াও একাধিক থানাতে অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গরু পাচার, মাদক পাচার সহ আরও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আয়ুব। পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার আয়ুবকে বহরমপুর কোর্টে পেশ করা হচ্ছে। অন্যদিকে অপর একটি ঘটনায় মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে কাজীপাড়া হাই স্কুল মোড়ে নাকা তল্লাশি চালানোর সময় খয়েরতলা গ্রামের বাসিন্দা জিয়ারুল মোল্লা নামে এক ব্যক্তিকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং ছ’রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করল। এর পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার রয়েছে ২০৮ বোতল ফেনসিডিল সিরাপ।

