কলকাতা

২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানে অনুমতি দেওয়া অসম্ভব, হাইকোর্টে সওয়াল রাজ্যের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের বিরোধিতা করে সওয়াল রাজ্যের । সেদিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন সম্ভব নয় বলে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানিয়েছে রাজ্য । বিষয়টি নিয়ে রাজ্যের আইনজীবী এদিন আদালতে জানান, বিজেপি মিছিলের পরে মিটিং করতে চায় উত্তরকন্যায় । উত্তরবঙ্গের সেক্রেটারিয়েট হল উত্তরকন্যা । আশপাশে হাসপাতাল রয়েছে । তারপরও ১০ হাজার লোকের সমাবেশের আর্জি জানানো হয়েছে । ২০২০ সালের ৭ ডিসেম্বর একটা সমাবেশ থেকে ওখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল । উত্তরকন্যার পরিবর্তে কাওয়াখালিতে সমাবেশেও রাজ্যের আপত্তি রয়েছে বলে এদিন জানানো হয় আদালতে । আগামিকাল বুধবার ফের শুনানি এই মামলার । এদিন বিরোধী দলনেতার পক্ষে আইনজীবীরা বলেন, “২১ জুলাই উত্তরকন্যায় কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়েছে । আমরা অনুমতি চেয়েছি, দেওয়া হয়নি । পুলিশ ৩টে কারণ দেখিয়েছে । যেগুলি হল – অন্য দলের মিটিং আছে ৫০০ কিলোমিটার দূরে । ট্রাফিকের সমস্যা হবে । আর হাসপাতালের সমস্যা হবে ।” মামলাকারীর পক্ষের আইনজীবী পালটা বলেন, “সেখানে গুলি চলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল । কাওয়াখালিতে এই মিটিং হলে আমাদের কোনও আপত্তি নেই । আগেও সেখানে প্রধানমন্ত্রীর মিটিং হয়েছিল ।” বিচারপতি ঘোষ জানতে চান, “কাওয়াখালি গ্রামে প্রধানমন্ত্রীর যেখানে মিটিং হয়েছিল সেখানে আপনারা মিটিং করতে রাজি আছেন ?” রাজ্য সঙ্গে সঙ্গে বিরোধিতা করে বলে, “এই কাওয়াখালি জায়গা উত্তরকন্যা থেকে 1 কিলোমিটার দূরে । মামলাকারীরা যে রাস্তা বলেছেন, সেখানে প্রচুর হাসপাতাল আছে । আইনশৃঙ্খলার সমস্যা হবে । শ্রাবণের সোমবার রয়েছে আবার এই মাসে । সেখানে ৫০ জন অনুষ্ঠান করলে আমাদের কোনও সমস্যা নেই ।” মামলাকারীর আইনজীবী বলেন, “রাজ্য শুধুমাত্র প্রতিহিংসা থেকে এই অভিযানের বিরোধিতা করছে । যেহেতু সেদিন ২১ জুলাই তাদেরও সমাবেশ রয়েছে তাই ।” প্রসঙ্গত, ২ জুলাই বুধবার বিজেপির যুবমোর্চার কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ৷ সেই মিছিল থেকে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযানের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন । সেদিন তিনি বলেছিলেন, “২১ জুলাই মমতার চোরেরা ডিমভাত খাওয়ার জন্য কলকাতায় আসবে ৷ আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যা নড়াবো ৷ সেদিন যুবমোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে ৷”