প্রয়াত দেশের প্রাক্তন হকি তারকা ভেস পেজ ৷ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ১৯৭২ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ৷ বৃহস্পতিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন হকি তারকার ৷ গত এপ্রিলেই আশি পূর্ণ করেছিলেন দেশের কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের বাবা ৷ ভেস পেজের মৃত্যুতে শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল ৷ দেশের জার্সিতে অলিম্পিক্স পদকজয়ের বাইরে গিয়েও ভেস পেজকে অনুরাগীরা মনে রাখবে ভারতীয় ক্রীড়ায় স্পোর্টস মেডিসিনের অন্যতম প্রবর্তক হিসেবে ৷ গোয়ায় জন্ম হলেও ভেস পেজের জীবনের অনেকটা সময় কেটেছে শহর কলকাতায় ৷ সেখানেই মেডিসিন নিয়ে পড়াশোনা তাঁর ৷ খেলোয়াড় জীবন পরবর্তী সময়ে মেডিসিন বিষয়ক জ্ঞানকে তিনি দেশের খেলাধুলোয় কাজে লাগিয়েছিলেন ৷ স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ক্রীড়া প্রশাসনে তাঁর একটা বড় ভূমিকা ছিল ৷ ডোপিং-বিরোধী উপদেষ্টা হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও ছিলেন তিনি ৷ কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ভারতের ডেভিস কাপ দলের সঙ্গেও ৷ অলিম্পিক্সে ভারতীয় হকি দলের চিকিৎসক হিসেবেও ভেস পেজের অবদান ভোলার নয় ৷ কেবল হকি নয়, প্রাক্তন এই ভারতীয় মিডফিল্ডারের ব্য়াপ্তি ছিল ক্রিকেট, ফুটবল, রাগবির মত অন্য়ান্য খেলাতেও ৷ 1996-2002 ভারতের রাগবি ফুটবল ইউনিয়নের প্রেসিডেন্টও ছিলেন তিনি ৷ লিয়েন্ডার তাঁর কেরিয়ারে বাবার অবদানের কথা বারংবার বলে এসেছেন ৷ বিশেষ করে অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ৷

