এসএসসি’র ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছে, গত 3 এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিলের রায় ঘোষণার আগে সব পক্ষের বক্তব্য শুনেছে ৷ এই বিষয়ে বিস্তারিত শুনানি করার পর ২০১৬ সালের এসএসসি’র পুরো প্য়ানেল অর্থাৎ শিক্ষক-শিক্ষাকর্মী মিলিয়ে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল ৷ ৩ এপ্রিলের রায় পুনর্বিবেচনার জন্য মে মাসের ৪ তারিখে সুপ্রিম কোর্টে ফের আবেদন জানায় পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশন ৷ সেই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- কোনও আদালতে ২০১৬ সালের পরীক্ষার ওএমআর শিটের আসল বা মিরর ইমেজ কোনওটাই দিতে পারেনি ৷ এটা স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা ৷ সেই জন্যে আদালতের কাছে পুরো নিয়োগ বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না ৷ এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নতুন করে আবারও এই মামলা তালিকাভুক্ত করা ও শুনানির প্রয়োজন আছে বলে মনে করছে না ৷ সেই জন্যে রাজ্যের আবেদন খারিজ করা হল ৷ এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে দাখিল হওয়া যাবতীয় রিভিউ পিটিশন খারিজ করে দেন ৷ ৩ এপ্রিল রায়ে যে বক্তব্য ছিল, তা পুনরায় উল্লেখ করে বিচারপতিরা জানিয়ে দিলেন – পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল দুর্নীতিগ্রস্ত এবং সেটি বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত ৷ বিচারপতিরা স্পষ্ট করে বলেন, “পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মামলার জবাবে নিজেদের ভুল কার্যত স্বীকার করে নেওয়া, সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রনজিৎ বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য অনিয়ম- সব মিলিয়ে নিয়োগের স্বচ্ছতা প্রশ্নের মুখে ৷ মূল OMR শিট বা তার প্রতিলিপি না-রেখে স্কুল সার্ভিস কমিশন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, তা পুরো ব্যবস্থাকে কলুষিত করেছে ৷ আদালতের পর্যবেক্ষণ, দুর্নীতিগ্রস্ত এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মানে পুরো নিয়োগ ব্যবস্থার পবিত্রতাকেই প্রশ্নের মুখে ফেলা ৷ তাই রিভিউ পিটিশনের মাধ্যমে মামলাটির ফের শুনানির দাবি মেনে নেওয়া যায় না ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের কড়া মন্তব্যও বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷ এদিকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 30 মে’র মধ্যে 2016 সালের এসএসসির প্যানেলের নয়া নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে এসএসসি ৷ আদালত নির্দেশ দিয়েছিল, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে 2016 সালের প্যানেলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৷ সেই নির্দেশ মেনে আগামী 7 সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা । 14 সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে । দু’টি দিনই রবিবার ৷ এদিকে এদিনও নয়া নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এসএসসি’র চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা ৷

