পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ ৷ সোমবারই সাগরের বুকে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে । তার জেরে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ ফলে রাজ্যজুড়ে আগামী সপ্তাহভর বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকবে ৷ বিশেষ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । এটি আগামী 24 ঘণ্টার মধ্যে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এবং ধীরে ধীরে দুর্বল হবে । মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, গোয়ালিয়র, বান্দা, দেহরি হয়ে গাঙ্গেয় বঙ্গের ওপর দিয়ে অতিক্রম করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । সোমবার ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে । নতুন সপ্তাহজুড়েই বৃষ্টি চলবে রাজ্যের প্রতিটি জেলায় ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
রবিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে ।
সোমবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে ।
মঙ্গলবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে ।
বুধবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
রবিবার বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । ওপরের পাঁচটি জেলার চারটি অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (7-11 সেমি) সম্ভাবনা ।
সোমবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি (7-11 সেমি) হতে পারে ।
মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
বুধবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।
বৃহস্পতিবার বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।


