শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শপিংমলগুলির দোকানের সাইন বোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করল কলকাতা কর্পোরেশন ৷ অন্যথায় লাইসেন্স বাতিলের নিদান দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ বাংলাভাষা ও বাঙালির মর্যাদা রক্ষার লড়াই যে জোরকদমে হবে তা আরও একবার বুঝিয়ে দিল তৃণমূল ৷ ইতিমধ্যে শহরের হোটেল, রেস্তরাঁ বা দোকানে সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কলকাতা কর্পোরেশন। বাংলায় না-লেখা থাকলে সেই সাইনবোর্ড নামিয়েও দেওয়া হবে কলকাতা কর্পোরেশনের তরফে তা সাফ জানিয়েছিলেন মেয়র। এবার শপিংমলের দোকানগুলিতে বাংলায় বোর্ড না-থাকলে দোকানের লাইসেন্স বাতিল করা হবে জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বাংলা ভাষা ও বাঙালি দেশের অভ্যন্তরে নানা প্রান্তে অপমানিত লাঞ্ছিত এমনকী আক্রমণের শিকার হচ্ছে বলে নানা অভিযোগ উঠছে । বাংলায় কথা বললে বা লিখলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে । আর এর প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের কথা বলেছেন ৷ শুধু রাজনৈতিক লড়াই নয়, পাশাপাশি প্রশাসনিকভাবেও এই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছেন ৷ সেই সঙ্গে লোকসভায় বা রাজ্যসভায় প্রশ্নোত্তর বাংলায় বলার সঙ্গেই কলকাতা কর্পোরেশনের অধিবেশনেও বাংলায় প্রশ্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। ইংরেজি ভাষায় প্রশ্ন দিয়ে দলের কাউন্সিলরকে কটাক্ষ মুখে পড়তে হয়েছে ৷ সম্প্রতি মেয়র ঘোষণা করেছেন, এতদিন নিয়ম থাকলেও অনেকেই গা-করেননি তবে এবার শহরের হোটেল, রেস্তরাঁ থেকে দোকান বাজার সবক্ষেত্রেই সাইন বোর্ড অন্য ভাষার সঙ্গে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষায় লিখতে হবে। যদি তেমনটা না-হয় তাহলে সাইন বোর্ড খুলে দেওয়া হবে। এবার আরও এক ধাপ এগোল সেই বিষয়। দলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী মাসিক অধিবেশন প্রস্তাব আনেন বাংলা ভাষা সংক্রান্ত বিষয়। তিনি প্রস্তাব করেন, কলকাতা কর্পোরেশন এলাকায় বড় বড় শপিংমল রয়েছে ৷ ৯৯ শতাংশ জায়গায় বাংলা ভাষায় কোনও লেখা না-থাকায় রাজ্যের ৮৬ শতাংশ বাঙালি বুঝতে পারে না ৷ এছাড়াও নিয়ম অনুসারে কলকাতায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ডিস-প্লে বোর্ডের বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা ৷ তাঁর কথায়, “আমাদের কোনও ভাষার সঙ্গে বিরোধ নেই ৷ কিন্তু বাংলার বুকে ব্যবসা করলে বাঙালিকে বাংলায় পরিষেবা দিতে হবে। এই প্রস্তাবের সঙ্গে সহমত হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এই দাবি যথাযথ। তাই শপিংমলের দোকানগুলো বাংলায় সাইন বোর্ড না-লাগালে লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি তিনি জানান, অন্য ভাষায় বোর্ড থাকলে আমরা আপত্তি করি না ৷ কিন্তু বাংলা ভাষায় বোর্ড রাখতেই হবে।”
শপিংমলের দোকানেও বাংলা সাইনবোর্ড, না-হলে লাইসেন্স বাতিল, কড়া হুঁশিয়ারি মেয়রের
Byবঙ্গনিউজ
Aug 23, 2025
