কলকাতার বনেদি বাড়ির পুজো-সহ বিশেষ দুর্গাপুজোগুলি ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। প্রতি বছরের ন্যায় এই বছরের ভলভো বাস পরিষেবা বিশেষ প্যাকেজ, জলপথে পুজো ঘুরে দেখার সুযোগ থাকছে। শহর ও শহরতলির একাধিক বাস টার্মিনাস থেকে ছাড়বে বাসগুলি। জেনে নিন বিস্তারিত। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। সপ্তমী, অষ্টমী এবং নবমী – এই তিন দিন পুজো পরিক্রমার আয়োজন হচ্ছে। সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে বাস ছাড়বে। যাত্রীদের সকাল ৭.৩০টায় রিপোর্টিং টাইম। সকলের সঙ্গে সচিত্র পরিচয় পত্র রাখতে হবে। ভলভো বাসে ঘুরে দেখানো হবে বনেদি বাড়ির পুজোগুলি।
পুজো পরিক্রমা
বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি (অষ্টমী বাদ রাখা হচ্ছে), রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো এবং সাবর্ণ রায় চৌধুরীর মেজো বাড়ির পুজো।
ভাড়া
এই পুজো পরিক্রমার জন্য বাস ভাড়া জনপ্রতি ২২০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১৬৫০ টাকা। ০-৫ বছরের শিশুদের জন্য কোনও ভাড়া লাগবে না। দর্শনার্থীদের জন্য জলখাবার, দুপুরের লাঞ্চ (বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা), চা ও পানীয় জলের ব্যবস্থা থাকবে।

