মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-দের নিয়ে জরুরি বৈঠক ডাকল নির্বাচন কমিশন ৷ বিষয় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR ৷ বিহার বাদে দেশের বাকি রাজ্য SIR নিয়ে কমিশন ঠিক কতটা প্রস্তুত তা জানতেই এবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হল। আগামী 10 সেপ্টেম্বর বসবে এই বিশেষ বৈঠক। সিইও-দের কাছে এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী 10 তারিখ মুখ্য নির্বাচনী আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকা বাধ্যতামূলক ৷ থাকতে হবে অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইও দেরও। আলোচনা হবে SIR নিয়ে ৷ সকাল 10টা থেকে শুরু হবে বৈঠক। পুরো বৈঠককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাতে হবে তাঁদের রাজ্যে SIR-এর কাজ কতটা এগিয়েছে । পাশাপাশি, কোন কোন বিষয়গুলি এখনও সম্পূর্ণ করা হয়নি, সেটাও জানাতে হবে ৷ কাজের ব্যাপারে কোথাও কোনওরকম সমস্যা রয়েছে কি না এবং নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মচারী থেকে শুরু করে আধিকারিক পর্যাপ্ত পরিমাণে রয়েছেন কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে। বিশেষ করে SIR-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে ৷ আলাদা করে বিস্তারিত আলোচনা হওয়ার কথা বিহারের পরিস্থিতি নিয়ে ৷ বিহারকে মডেল করেই আগামিদিনে রাজ্যগুলো SIR শুরু করবে। জানা গিয়েছে, বিহারে SIR-এর সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করা হবে। এরপর হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রশ্নোত্তর পর্ব। আলোচনার শেষ দিকে কমিশনের পর্যবেক্ষণ তুলে ধরবেন অন্যতম নির্বাচন কমিশনার বিবেক জোশি। সর্বশেষ মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বক্তব্য রাখবেন। প্রত্যেক রাজ্যের সিইও-দের মিনিট পাঁচেকের মধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছে। তাতে ভোটার তালিকা-সহ SIR সম্পর্কিত 10টি বিষয় তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

