পরীক্ষার প্রশ্নই ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে বিধানসভার সামনে বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বসিরহাট থেকে আমি অডিয়ো রেকর্ড পেয়েছি।’ যদিও এই অডিয়োর সত্যতা ‘এই সময়’ যাচাই করেনি। তাঁর দাবি, তৃণমূল নেতৃত্ব জানেন, এ বার আর ওএমআরে হাত দিতে পারবেন না। তাই তৃণমূল প্রশ্ন বিক্রি করছে। জীবনকৃষ্ণ সাহার মতো নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতাদের নাম করে শুভেন্দুর বক্তব্য, এ বার আগের পদ্ধতিতে দুর্নীতি করা যাবে না। যদিও তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষের পাল্টা বক্তব্য, ‘শুভেন্দুবাবু আগে থেকেই জেনে যান সিবিআই এবং ইডি কাকে অ্যারেস্ট করবে। উনি এত কিছু জানলে আদালতে যান। উনি তো আদালতের উপরে ভরসা করে রাজনীতি করেন। ২০২৬–র পরে উনি হয়তো পেশাগত ভাবে জ্যোতিষচর্চার কথা ভাববেন!’ চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকাদের প্রতিনিধি সুমন বিশ্বাসের সঙ্গে কয়েকজন প্রতিনিধি এ দিন বিধানসভায় যান। সুমনদের দাবি, তাঁরা অবিলম্বে ‘যোগ্য’দের তালিকা প্রকাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। তাঁর কথায়, ‘এর আগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেও চিঠি দিয়েছি। কিন্তু তিনি এখনও তালিকা প্রকাশ করেননি। তাই আমরা বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী ও স্পিকারের দ্বারস্থ হয়েছি।’ সুমনরা বিরোধী দলনেতার কাছে তাঁর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। শুভেন্দু তাঁদের বলেন, ‘মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনাদের বলেছিলেন, একজনের চাকরিও যাবে না। অথচ এখন যোগ্যদেরও পরীক্ষায় বসতে হচ্ছে! আমি যোগ্যদের পুনর্বহালের জন্য মুখ্যসচিবকে ও শঙ্কর ঘোষ (বিজেপির সচেতক) স্পিকারকে চিঠি দিয়েছি। তারপরে মঙ্গলবার থেকে বিরোধী দলনেতাই সাসপেন্ড!’

