সমস্ত জল্পনার অবসান ৷ আবারও ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র প্রেসিডেন্ট পদে বসতে চলেছে তিনি ৷ তাও আবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৷ সিএবি-র নির্বাচনের সঙ্গে যুক্ত এমন এক সূত্রের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ সিএবি-র ওই সূত্রের দাবি, এখনও পর্যন্ত প্রেসিডেন্ট পদে সৌরভের প্রতিযোগী কেউ নেই ৷ ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পেশের শেষদিন ৷ সেখানে দ্বিতীয় কোনও মনোনয়ন পেশ না-হলে, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জায়গায় সৌরভের ফের সিএবি-র প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত ৷ এমনকি সিএবি-র সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ পদেও কোনও নির্বাচন হবে না-বলেই জানা যাচ্ছে ৷ জানা গিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ ৷ তার আগে ২২ সেপ্টেম্বরের রাজ্য সংস্থার বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলা ক্রিকেটের মসনদে বসতে চলেছেন ৷ উল্লেখ্য, সৌরভ প্রশাসক হিসেবে তাঁর আগের টার্মে সিএবি ও বিসিসিআই, দুই জায়গাতেই শীর্ষপদে আসীন হয়েছেন ৷ প্রাক্তন ভারত অধিনায়ক ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন ৷ তাঁর কার্যকাল শেষ হওয়ার পর, সেই পদে আসেন ৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি ৷ ২০১৯ সালে বিসিসিআই-তে যাওয়ার আগে সৌরভ ২০১৫ সাল থেকে সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন, জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর ৷ তারও আগে প্রশাসক হিসেবে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সচিব পদে ছিলেন তিনি ৷


