দোলের পর নতুন কর্মসূচি তৃণমূলের। ৮৪টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি অধ্যুষিত বিধানসভায় বিশেষ প্রচার চালাবে শাসকদল। দলের তরফে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। সেই গাড়িতে ৩-৪জন থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তাঁরা। নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচি সভায় এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে আজ, সোমবার কলকাতার নজরুল মঞ্চে মূলত তফসিলি নেতা-কর্মীদের নিয়ে বৃহত্তর সমাবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের নতুন কর্মসূচির কথা জানিয়ে বিজেপিকে বিঁধলেন তিনি। অভিষেকের অভিযোগ, বিজেপি তফসিলি ও আদিবাসীদের উপর অত্যাচার করে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তুলে ধরে বলেন, “বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে তফসিলিদের উপর অত্যাচারের নিরিখে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পেয়েছে। এই বিজেপি বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান সংশোধন করে তফসিলিদের অধিকার কেড়ে নেবে।” অন্যদিকে, তৃণমূল সরকার এসসি ও এসটি মহিলাদের উন্নতির জন্য লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প চালু করেছে। পাঁচ বছরে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১০০০ টাকা থেকে বেড়ে ১৭০০ টাকা হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
