দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী । এই বিশেষ দিনে রাজ্যের সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে একটি পোস্ট করে তিনি বাংলার সর্বস্তরের মানুষকে রাম নবমীর অভিনন্দন জানান । তবে শুধুমাত্র শুভেচ্ছাবার্তাই নয়, আসন্ন নির্বাচনের আবহে রাজ্যজুড়ে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সেই লক্ষ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনেরও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এদিন এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী লেখেন, “রাম নবমীর এই শুভ অবসরে আমি রাজ্যের সমস্ত মানুষকে জানাই অনেক অনেক শুভেচ্ছা । আমি প্রার্থনা করি আপনারা সবাই যেন সুস্থ থাকেন এবং শান্তিতে থাকেন ।” তাঁর এই বার্তার মধ্যে দিয়ে একটি স্পষ্ট প্রশাসনিক সতর্কবার্তাও দেওয়া হয়েছে । উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাম নবমীর মিছিল ও উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে । সেই অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবং বর্তমানে রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু থাকায়, মুখ্যমন্ত্রী অত্যন্ত সতর্কতার সঙ্গে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন । উৎসব যেন সকলের মধ্যে আনন্দ ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়, সেখানে যেন কোনওভাবেই বিভেদ বা অশান্তির ছায়া না পড়ে, সেই বার্তাই দিয়েছেন মমতা । বাংলার রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলোতে রাম নবমীর উদযাপন একটি সম্পূর্ণ নতুন এবং বিশেষ মাত্রা পেয়েছে ৷ বিশেষ করে নির্বাচনের ঠিক মুখে এই উৎসবকে ঘিরে রাজনৈতিক মহলেও তৎপরতা তুঙ্গে ওঠে । একদিকে গেরুয়া শিবির যেমন রাজ্যজুড়ে ঘটা করে বিশাল মিছিল, শোভাযাত্রা ও পুজোর মাধ্যমে রাম নবমী পালনের ডাক দেয়, অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও বিভিন্ন এলাকায় নিজেদের মতো করে সম্প্রীতি মিছিল ও উৎসবের আয়োজন করেন । এই রাজনৈতিক প্রতিযোগিতার আবহে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় যাতে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয়, সেদিকে কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন । মুখ্যমন্ত্রীর এই শান্তিবার্তার পাশাপাশি নবান্ন ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের পক্ষ থেকেও সমস্ত জেলাগুলোকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে । যেহেতু এখন নির্বাচনী নির্ঘণ্ট জারি রয়েছে, তাই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনও অতিমাত্রায় সক্রিয় । প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও মিছিলে উস্কানিমূলক স্লোগান বা অশান্তি ছড়ানোর চেষ্টা হলে দলমত নির্বিশেষে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর বিভিন্ন সভা থেকে বরাবরই বলে এসেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। এদিন তাঁর শুভেচ্ছাবার্তাতেও সম্প্রীতির সেই সুরই ধ্বনিত হয়েছে ।
