তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগের প্রেক্ষিতে মালদা (Malda) জেলায় পুলিশ পর্যবেক্ষক পদে রদবদল করল নির্বাচন কমিশন (ECI)। বিহারের এক বিজেপি নেত্রীর স্বামীকে ওই পদে নিয়োগ করা হয়েছে— এই মর্মে কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই চার বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মালদা-সহ রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক পদে বড়সড় রদবদল করা হলো। মালদার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র- মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরে পুলিশ পর্যবেক্ষক হিসেবে প্রথমে নিয়োগ করা হয়েছিল জয়ন্ত কান্তকে। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই আধিকারিকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে যে, তাঁর স্ত্রী বিহারের একজন বিজেপি নেত্রী। এই পরিস্থিতিতে তিনি কীভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসকদল। তৃণমূলের সেই অভিযোগ খতিয়ে দেখার পর কমিশন শনিবার জানিয়ে দেয়, মালদার ওই চার কেন্দ্রে জয়ন্ত কান্তের পরিবর্তে নতুন পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন আইপিএস অফিসার হৃদয় কান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বিহার ক্যাডারের আধিকারিক। মালদা ছাড়াও রাজ্যের আরও বেশ কিছু জায়গায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ও সাগরদিঘির জন্য নতুন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনিতেও এসেছেন নতুন পুলিশ পর্যবেক্ষক। এছাড়া পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, পিংলা, খড়্গপুর ও ডেবরা এবং উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, হাবড়া, অশোকনগর ও আমডাঙাতেও পুলিশ পর্যবেক্ষক পদে বদল আনা হয়েছে। মূলত স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই নির্বাচনের মুখে এই পদক্ষেপ নিল কমিশন। নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ত্রিস্তরীয় পর্যবেক্ষক নিয়োগের ওপর বিশেষ জোর দিয়েছে। এবার রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য এক জন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষকের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ পর্যবেক্ষকদের সংখ্যাও বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য এবার মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।