মালদাঃ ভোটার তালিকায় নাম না ওঠায় জনরোষ আছড়ে পড়ল এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। এর জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বসেন বিক্ষোভকারীরা। ঘণ্টার পর ঘণ্টা থমকে যানচলাচল। এমনটা বেশিক্ষণ চললে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। এত উত্তপ্ত পরিস্থিতিতেও কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ। আর সেই কারণেই নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন। এসআইআরের কাজ করতে যাওয়া বিচারকদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ কমিশন, এমন অভিযোগ শোনা যাচ্ছে। এনিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সূত্রে খবর, নাম বাদের প্রতিবাদে কালিয়াচকে এই বিক্ষোভ চলছিল বুধবার বিকেল থেকে। যত সময় গড়িয়েছে, তত বিক্ষোভের আগুনে ঘি পড়েছে। এই অবস্থায় বিক্ষোভের মাঝে পড়ে আটকে যান এসআইআরের কাজে যাওয়া ৭ জুডিশিয়াল অফিসার। কালিয়াচক ২ ব্লকের বিডিও অফিসে তাঁরা বিবেচনাধীন ভোটারদের নাম নিষ্পত্তির কাজ করছিলেন। কিন্তু অভিযোগ, সন্ধ্যের পরও তাঁদের বেরতে দেওয়া হয়নি। উন্মত্ত জনতা তাঁদের বিডিও অফিসেই আটকে রাখে। এই পরিস্থিতিতে পুলিশের সাহায্য মেলেনি বলে অভিযোগের সঙ্গে সঙ্গেই আঙুল উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দিকে। ঘটনাটি রাতেই হাইকোর্টকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর।

