মালদায় মালতীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় চাঞ্চল্য। মালতিপুর থেকে কপ্টারে রওনার আগেই বিপত্তি। জনসভা শেষের পরে পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে একটি ড্রোন দেখা যায়। মালদায় ভোট প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী। মালতিপুর থেকে কপ্টারে গাজোলে যাচ্ছিলেন তিনি। উড়ন্ত ড্রোনের দিকে নজর যেতেই ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো। ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী এর পিছনে সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। তিনি বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার নেপথ্যে কে বা কারা যুক্ত, এবং কী উদ্দেশে এই ড্রোন ওড়ানো হয়েছিল, তা অবিলম্বে খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই আকস্মিক দৃশ্যে উপস্থিত নেতা-কর্মী ও নিরাপত্তাকর্মীসহ সকলেই হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উদ্বেগপূর্ণ দৃষ্টিতে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রীর সফরকালে আকাশপথ পরিষ্কার রাখা হয়; এই ড্রোনের উপস্থিতি তাই নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। দলীয় সূত্রে খবর, ড্রোনটির গতিবিধি ছিল রহস্যজনক। উল্লেখ্য, রাজ্যজুড়ে পুরোদমে নির্বাচনী প্রচার চলছে, যেখানে বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের সমর্থনে জোরালো প্রচার চালাচ্ছেন। শনিবার মালদহে মুখ্যমন্ত্রীর একাধিক জনসভা ও রোড শো নির্ধারিত ছিল। মালতীপুরের সমাবেশ শেষেই তিনি গাজোলের উদ্দেশে রওনা হচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে।