দ্বাদশ তথা শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । তাতেই উঠে এল অন্তত ৯০ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৷ সোমবার রাতে রাজ্যে ‘বিচারাধীন’ বা ‘Adjudication’ তালিকায় থাকা ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন । প্রকাশিত রিপোর্টে প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত ভোটারদের জেলাভিত্তিক তথ্য প্রকাশ করা হয়েছে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছিল, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটার বিচারাধীন হিসেবে চিহ্নিত ৷ তাঁদের তথ্য স্ক্রুটিনি করা হয়েছিল । এই মোট সংখ্যার মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম যোগ্য বা বৈধ কিংবা নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে বলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । অন্যদিকে, বিচারাধীন থাকা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ নাম’কে অযোগ্য বা বাদ বলে চিহ্নিত করা হয়েছে । গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম । মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষেরও বেশি (90 লক্ষ 83 হাজার 345)। কমিশন যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই অনুযায়ী, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের নিষ্পত্তি হয়েছে । অর্থাৎ দেখা যাচ্ছে, প্রায় ৯৯.৬ শতাংশ নিষ্পত্তি হয়েছে । মোট সংখ্যার মধ্যে এখনও ২২ হাজার ১৬৩টি কেস নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে । কমিশন সূত্রে খবর, বাকি নামগুলি আজকের মধ্যেই নিষ্পত্তিতে আপডেট করে দেওয়া হবে । দেখা যাচ্ছে যে, বিচারাধীন থাকা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩টি নাম তালিকা থেকে বাদ পড়ল (তবে এরা আবার আবেদন করতে পারে ট্রাইবুনালে) ৷ পাশাপাশি, ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ গুলি নাম বৈধ বলে বিবেচিত করে তালিকায় যুক্ত করা হয়েছে । সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোগ্য হিসাবে চিহ্নিত ২৭.১ লক্ষ ভোটার বিচারবিভাগীয় ট্রাইবুনালের কাছে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন ।

অন্যদিকে, তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে

  • সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায় । প্রায় ৪.৫৫ লক্ষ ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে ।
  • দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে প্রায় ৩.২৫ লক্ষ নাম বাদ গিয়েছে ।
  • তারপর রয়েছে মালদা, যেখানে প্রায় ২.৩৯ লক্ষ ভোটারকে অযোগ্য হিসেবে ধরা হয়েছে ।
  • নদিয়াতেও প্রায় ২.০৮ লক্ষ নাম বাদ ৷
  • দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ২.২২ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে ৷
  • বীরভূমে প্রায় ৮২ হাজার ভোটার অযোগ্য হিসেবে চিহ্নিত ।
  • এছাড়াও হুগলিতে প্রায় ১.২০ লক্ষ নাম বাদ ৷
  • পশ্চিম বর্ধমানে ভোটারদের নাম বাদের সংখ্যাটা প্রায় ৭৪ হাজার ৷
  • উত্তর দিনাজপুরে প্রায় ১.৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে ।

কমিশন সূত্রে খবর, বিচার প্রক্রিয়া অনুযায়ী প্রতিটি নাম খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেই ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে ৷ প্রসঙ্গত গতকাল, ৬ এপ্রিল দ্বাদশ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন । জানা গিয়েছে, এটাই আপাতত প্রকাশিত হওয়া শেষ তালিকা ।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রথম দফায় নির্বাচনের জন্য ৬ এপ্রিল সোমবার রাত ১২টার পর রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে । অন্যদিকে, দ্বিতীয়দফার ভোট অর্থাৎ ২৯ এপ্রিল নির্বাচনের জন্য আগামী ৯ এপ্রিল রাত ১২টা নাগাদ ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে ৷