আগামী সপ্তাহেই বাংলায় প্রথম দফার ভোট। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মাঠে নেমেছে শাসক ও বিরোধী সব পক্ষই। এই আবহেই ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চর্চার কেন্দ্রে উঠে এল নির্বাচন কমিশন। ‘পর্যাপ্ত পরিমাণে বার্নল ও বোরোলিন মজুত রাখুন’-এই বার্তাই পোস্ট করা হয়েছে, যা ঘিরে সরগরম ভোটবঙ্গ। কমিশনের তরফে ইঙ্গিতপূর্ণভাবে আরও জানানো হয়েছে, কেউ ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- যেখানে ‘বার্নল-বোরোলিন’-ও কোনও কাজে আসবে না। ভোটের আবহে আলোচনায় উঠে এসেছে দক্ষিণ কলকাতার ডিইও-র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে মাধুরী দীক্ষিত ও আমির খান অভিনীত একটি জনপ্রিয় গানের লিঙ্ক শেয়ার করা হয়েছে—‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…’। পোস্টের ক্যাপশনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যদিও এতে কিছু মানুষ ‘জ্বলে’ যেতে পারেন। গুণ্ডা ও অপরাধীরা সাবধান—নিজেদের সঙ্গে পর্যাপ্ত বার্নল ও বোরোলিন রাখুন। না হলে উত্তাপ এতটাই বাড়বে যে পুড়ে যেতে পারেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না করে তৃণমূলের উদ্দেশেই এই ‘বার্নল’ খোঁচা দিয়েছে কমিশন।