রাজ্যের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগে পাঁচজন বিএলওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযুক্ত বিএল‌ও–দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি এফ‌আইআর করার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযুক্ত পাঁচ বিএলও–দের মধ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের তিনজন, বাকি দু’জন বীরভূমের দুবরাজপুর এবং ময়ূরেশ্বরের। উত্তর ২৪ পরগনার তিন বিএলও হলেন, অভিজিৎ দে(পার্ট নম্বর ২৮১), তপন কুমার সাহা(পার্ট নম্বর ২৮২) এবং কুমারজিৎ দত্ত (পার্ট নম্বর ২০৫)। এদের বিরুদ্ধে কমিশনের কাছে বিজেপির সৌম্য হীরা ছবি–সহ তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগে বলা হয়, এরা সকলেই নিজের এলাকায় তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখন থেকে নানা প্রচারে ব্যস্ত ছিলেন। এরপরেই তিন অভিযুক্তকে শো-কজ় করা হয়‌। সূত্রের খবর, সন্তোষজনক জবাব পাওয়া যায়নি কারও কাছ থেকে। এক অভিযুক্ত কুমারজিৎ শো-কজ়ের জবাব দিতে অস্বীকার করেন বলেও জানা যায়। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বিধানসভা কেন্দ্রের রির্টানিং অফিসার কমিশনের নির্দেশ অনুযায়ী অশোকনগর থানায় তিন বিএলও–র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। বীরভূমের দুবরাজপুরের মঞ্জুরি চট্টোপাধ্যায়(পার্ট নম্বর ১১২) তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটারদের ভোটার স্লিপ বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ময়ূরেশ্বরের বিএলও ভোটার স্লিপ বিলি করার সময়ে যে সাইকেলে যাচ্ছিলেন তাতে তৃণমূলের পতাকা লাগানো ছিল। এ ব্যাপারেও নির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ জমা পড়ে।