রবিবার সকাল ১১টা নাগাদ বেহালার ব্যবসায়ী জয় কামদারকে আটক করে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা। বিকেল ৫টা নাগাদ অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ে জয় কামদার। চিকিৎসার জন্য তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার জন্য রবিবার জয়কে আদালতে হাজির করানো সম্ভব হয়নি। তবে আদালতে ইডি জানায়, হাসপাতালে কেন্দ্রীয় সংস্থার নজরদারিতে থাকবে ধৃত ব্যবসায়ী। ইডি আধিকারিকরা চেষ্টা করছেন, যাতে অল্প কিছু ক্ষণের জন্য হলেও কামদারকে কোর্টে পেশ করিয়ে, তাকে ইডি হেফাজতে নেওয়া যায়। বিষয়টি ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে জানানো হয়েছে। বাকিটা নির্ভর করছে কামদারের সর্বশেষ শারীরিক অবস্থা এবং সেই সংক্রান্ত কী রিপোর্ট হাসপাতালের চিকিৎসকরা দেন। ইতিমধ্যেই সুগার, প্রেশার, পালস, ইসিজি-সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কামদারের। সেই পরীক্ষার রিপোর্ট কী আসে, সেইদিকেই তাকিয়ে ইডি।