আমেরিকান নৌবাহিনীর সচিব জন ফেলানকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার যুদ্ধে তিনি ইরানকে ঠিক মতো কাবু করতে পারেননি বলে মনে করেন তিনি। এই নিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে তীব্র কটাক্ষ করল ইরান। X পোস্টে তারা লিখেছে, ‘বদলানো চলছে।’ পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ফেলানের এমন আচমকা বিদায়ের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি প্রশাসন।
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ এবং চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ঘটল। পেন্টাগন জানিয়েছে, জন ফেলানের স্থলে তার ডেপুটি এবং বর্তমান আন্ডারসেক্রেটারি হাং কাও ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জন ফেলানের এই প্রস্থান সামরিক মহলে বেশ বিস্ময় সৃষ্টি করেছে, কারণ পদত্যাগের মাত্র এক দিন আগেই তিনি ওয়াশিংটন ডিসিতে নৌবাহিনীর বার্ষিক সম্মেলনে নাবিক ও শিল্প পেশাজীবীদের একটি বিশাল সমাবেশে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

