প্রথম দফায় ভোটে তৃণমূল সেঞ্চুরি করেছিল। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার হবে। সংখ্যা কোথায় গিয়ে থামবে,আমি নিজেও জানি না। শনিবার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্রের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, “আজকের এই ভাঙড়ের জনসভা সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। যতদূর চোখ যাচ্ছে, মানুষের বাঁধন ছাড়া উচ্ছ্বাস। সভাস্থলে তিল ধারণের জায়গা নেই। ক্যানিং পূর্ব তো তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা।”
বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল। তিনি প্রয়াত হওয়ার পরে এই আসনটি উপনির্বাচন কেন হয়নি, সে নিয়েও এ দিন প্রশ্ন তোলেন অভিষেক। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘প্রায় দুই বছর হয়েছে, গায়ের জোরে নির্বাচন আটকে রেখেছে। এই লোকসভা কেন্দ্রের কোনও প্রতিনিধি সংসদে না যেতে পারে। কারণ এখানে ভোট হলে বিজেপির প্রার্থী পাঁচ লক্ষ ভোটে হারবে।’ এই কেন্দ্রের বাসিন্দাদের বহুদিনের দাবি, ভ্যাবলা স্টেশনের পাশে আন্ডারপাস নির্মাণ। কেন্দ্রের উপনির্বাচন না হওয়ার জন্যে এই সব সমস্যার কথা সংসদে তোলা যাচ্ছে না বলে অভিযোগ করেন অভিষেক। এ দিনের সভা উপস্থিত তৃণমূল কর্মী, সমর্থকদের আশ্বাস দিয়ে অভিষেক বলেন, ‘আমি কথা দিচ্ছি, ডায়মন্ড হারবারের সাংসদ হয়েও আপনাদের দাবি সংসদে তুলব। কেন্দ্রীয় সরকার এই আন্ডার পাস যদি না করে, যে ভাবে অন্যান্য প্রকল্প কেন্দ্রের সাহায্য রাজ্য সরকার করছে, একই ভাবে এই আন্ডার পাস কী ভাবে করা যায় সেটা আমরা দেখব।’

