হুগলির গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার করা হল তিন বিজেপি কর্মীকে। গোঘাটের বর্মায় অশান্তির ঘটনায় অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্মা গ্রামে বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় সন্ধ্যা হতেই ধরপাকড় শুরু করল পুলিশ। গ্রামের একাধিক বাড়ি, দোকানে তল্লাশি চালানো হয়। বেশ কয়েকজনকে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়। বেশ কয়েকজনকে ধরপাকড় করার পরেই পুরুষশূন্য হয়ে পড়ছে গোটা গ্রাম। স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বর্মা গ্রামে অভিযান চলে। পুলিশ সুপার বলেন, ‘‘আমরা বেশকিছু সোশ্যাল মিডিয়া ও সূত্র মারফত পাওয়া ভিডিও, সোশ্যাল মিডিয়ার লাইভ দেখে অনেকজনকে চিহ্নিত করেছি। সন্ধ্যায় ৯ জনকে আটক করেছি। তাদের মধ্যে একজন মহিলাও আছে। আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও আছেন।’’ অন্যদিকে, এদিন গোঘাটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন কমিশনও৷ প্রাথমিক ভাবে কমিশনকে পাঠানো রিপোর্টে জেলা নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, আজ, সোমবার আরামবাগের সাংসদ মিতালি বাগ একটি প্রচার কর্মসূচি থেকে ফেরার সময় তাঁর গাড়ির একটি জানালার কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে, যদিও এ দাবির পক্ষে কোনও প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি। ভোর থেকেই আরামবাগ ও গোঘাট এলাকায় বিপুল সংখ্যক সশস্ত্র কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রয়েছে৷ বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ।

