১৫ বছর পর রাজ্যে পরিবর্তন। প্রথমবার শাসকদলের ক্ষমতায় এসেছে বিজেপি। রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নতুন সরকারের সূচনা করতে চলেছে বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ৯ মে, শনিবার কলকাতার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেছে বিজেপি। সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কে হবে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী? মন্ত্রিসভার নাম ঠিক করতে বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ৮ মে নিউটাউন কনভেনশন সেন্টারে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৮ মে কনভেনশন সেন্টারের হল সেভেন অডিটরিয়াম হলে বিজেপির নব নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কে কোন মন্ত্রী হবেন ঘোষণা হবে। এরপর নব নির্বাচিত মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার নিউটাউন কনভেনশন সেন্টার পরিদর্শন করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন নব নির্বাচিত বিধায়ক শঙ্কর ঘোষ, বিমান ঘোষ। তাঁরা নিউটাউন কনভেনশন সেন্টারের হল ফাইভ ও হল সেভেন অডিটরিয়াম ঘুরে দেখেন।