বুধবার লালবাজারে সাংবাদিক বৈঠক করেন পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ৷ রাজ্যে ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়ে তিনি বলেন, “এ বার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটের শতকরা হারও ভাল৷ শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।” একইসঙ্গে জানান, জেসিবি নিয়ে মিছিল করা যাবে না৷ যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এখনও ৬৫ কোম্পানি বাহিনী আছে। একইসঙ্গে যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, বিজয়মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে। হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ, আশ্বাস কমিশনারের৷ তাঁর সংযোজন, ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার করা হয়েছে অস্ত্র৷ পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত নির্বাচনের আগে মার্চ মাসে সুপ্রতিম সরকারকে কলকাতার নগরপালের দায়িত্ব থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় অজয়কে। ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয়কুমার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। আসানসোল-দুর্গাপুরের কমিশনার হিসাবেও কাজ করেছেন এক সময়। ছিলেন কলকাতা পুলিশেও। এর আগে পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি নিযুক্ত হয়েছিলেন তিনি।