বিধানসভা নির্বাচনে বিজেপির বঙ্গ জয়ের পরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী বেছে নেওয়া এবং রাজ্যে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই এই শাহী সফর । কলকাতা বিমানবন্দর থেকে তিনি প্রথমে পৌঁছবেন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে ৷ সেখানে পুজো দিয়ে নিউটাউনের হোটেলে যাওয়ার কথা রয়েছেন তাঁর ৷ শুক্রবারই বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে । ওই বৈঠকেই শাহের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে । শনিবার ব্রিগেডে শপথ নেবেন বঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের পরে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে । গেরুয়া শিবিরের অন্দরমহলের খবর, নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের । বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষক তিনি । এই কাজে সহকারী পর্যবেক্ষক হিসাবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি । যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠানোর রেওয়াজ রয়েছে কেন্দ্রীয় গেরুয়া শিবিরে । পর্যবেক্ষকরা দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করে পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করেন । রবীন্দ্রজয়ন্তীতে শপথ নেবে বিজেপির নেতৃত্বে গঠিত নয়া মন্ত্রিসভা ৷ ব্রিগেডেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ পাশাপাশি ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসবেন ৷ অমিত শাহের দফতরের প্রকাশিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে 10টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে ১১টা নাগাদ ব্রিগেডে পৌঁছোনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সাড়ে 12টা নাগাদ ব্রিগেড থেকে বেরিয়ে বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে তাঁর। মনে করা হচ্ছে, এই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে বঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ।

