সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপির পরিষদীয় দলনেতা তথা বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরে উৎসবের আমেজ, অন্যদিকে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন শা। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করার পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শা বলেন, “বাংলার কোটি কোটি মানুষকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। বাম আমলের চেয়েও ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই দুঃশাসনের সমাপ্তি ঘটল। বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বিজেপি বদ্ধপরিকর।” শা আরও যোগ করেন, গত পাঁচ দশক বাংলার কাছে ছিল এক দুঃস্বপ্ন। কিন্তু আজ গঙ্গা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ডবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। বিজেপির এই ঐতিহাসিক সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিনয় এবং কঠোর পরিশ্রমই বিজেপিকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তবে জয়ের উল্লাসের মাঝেও শহিদ কর্মীদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “২০১৪ সাল থেকে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ অভূতপূর্ব রূপ নিয়েছে। এই লড়াইয়ে ৩২১ জন বিজেপি কর্মীর প্রাণ কেড়ে নিয়েছে তৃণমূল। আজ তাঁদের সেই আত্মত্যাগ সার্থক হল।”শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে শপথগ্রহণের প্রস্তুতি। আগামীকাল ২৫ বৈশাখে ব্রিগেডে হতে চলেছে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান। শাহের কথায়, “আজ থেকে আমাদের দায়িত্ব আরও কয়েক গুণ বেড়ে গেল। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলাই আমাদের এখন একমাত্র লক্ষ্য।”

