বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মেসি কাণ্ড নিয়ে মুখ খুললেন নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়া পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী। গত বছর ডিসেম্বরে (২০২৫)মাসে আর্জেন্টিনার বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরে এসেছিলেন। সঙ্গে ছিলেন সুয়ারেজ-ডি পলরা। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থাপনা এবং টিকিট থাকা সত্ত্বেও সাধারণ মানুষের ভোগান্তি ও ভাঙচু গোটা বিশ্ব দেখেছিল। তোলপার হয়ে গিয়েছিল ফুটবল দুনিয়া। এবার দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের ফাইল খতিয়ে দেখার ইঙ্গিত দিলেন বাংলার ক্রীড়ামন্ত্রি নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নিশীথ প্রামাণিক বলেন,”মেসি-কাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমি সেই সংক্রান্ত ফাইল চেয়েছি। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। টিকিটের টাকা ফেরত দেওয়া যায় কি না, তা নিয়েও কথা হবে। তদন্তও করা হবে।” এছাড়া বাংলার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিশীথ প্রামাণিক বলেন,”প্রথম যেদিন আমাকে মুখ্যমন্ত্রী বললেন যে আমি ক্রীড়ামন্ত্রী হচ্ছি, তখন তাঁকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছি। দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে ক্রীড়া পরিকাঠামো পরিদর্শন করেছি। সেখানকার ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার তৈরির পরিকল্পনা করেছিলেন এবং বেশিরভাগ জায়গায় তা বাস্তবায়িত হয়েছে। আমি বাংলার প্রতিনিধি হিসেবে বারবার রাজ্যের ক্রীড়া দফতর ও মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, কোনও সাড়া পাইনি। নিজের জন্মভূমির জন্য মন্ত্রী হয়েও কাজ করতে না পারার কষ্ট ছিল। তাই এবার দায়িত্ব পেয়ে ভালো লাগছে। এই যন্ত্রণা কিছুটা কমল।”
‘খোলা হবে মেসি কাণ্ডের ফাইল’, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা নয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের
Byবঙ্গনিউজ
May 12, 2026
