দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ । আগামী 15 মে অর্থাৎ শুক্রবার থেকে অরেঞ্জ লাইনের নির্মাণকাজ শুরু করার জন্য চিংড়িঘাটা মোড়ে বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ । মেট্রো নির্মাণের স্বার্থে টানা দুই দফায় মোট ১২০ ঘণ্টা ইএম বাইপাসের একাংশে যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে । ইতিমধ্যেই এই মর্মে বিস্তারিত ট্রাফিক নির্দেশিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আগামী 15 মে শুক্রবার রাত আটটা থেকে 18 মে সোমবার সকাল আটটা পর্যন্ত টানা 60 ঘণ্টা উত্তরমুখী যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ থাকবে । এরপর দ্বিতীয় পর্যায়ে 22 মে শুক্রবার রাত আটটা থেকে 25 মে সোমবার সকাল আটটা পর্যন্ত আরও 60 ঘণ্টা দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে । প্রথম পর্যায়ের কাজ চলাকালীন চিংড়িঘাটা ফ্লাইওভারের নীচে চিংড়িঘাটার কাছে ইএম বাইপাসের পশ্চিম অংশ বন্ধ রাখা হবে । দ্বিতীয় পর্যায়ে চিংড়িঘাটা মোড় সংলগ্ন ইএম বাইপাসের পূর্ব অংশে যান চলাচল নিয়ন্ত্রিত হবে । ফলে ওই সময় একাধিক রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে । কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সল্টলেক, উল্টোডাঙা এবং বিমানবন্দরমুখী সমস্ত উত্তরমুখী যানবাহনকে এনএক্স হোটেলের সামনে থেকে মেট্রো ভায়াডাক্টের নীচে তৈরি নতুন ডাইভারশন রোড ব্যবহার করে চিংড়িঘাটার দিকে যেতে হবে । যেসব গাড়ি সাধারণত চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহার করে সল্টলেকের দিকে যায়, তাদের চিংড়িঘাটা ক্রসিং হয়ে ইএম বাইপাস-ব্রডওয়ে রুট ব্যবহার করে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার দিকে যেতে হবে । প্রথম পর্যায়ে দক্ষিণমুখী যান চলাচল স্বাভাবিক থাকলেও দ্বিতীয় পর্যায়ে দক্ষিণমুখী যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । সব ধরনের দক্ষিণমুখী গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে ইএম বাইপাসের পশ্চিম দিকের নতুন মিডিয়ান কাট-আউট ব্যবহার করতে হবে । এরপর সেখান থেকে তারা ফের স্বাভাবিক দক্ষিণমুখী রাস্তায় ঢুকতে পারবে । অন্যদিকে, সল্টলেক এবং নিউটাউন থেকে ইএম বাইপাসে ওঠা যানবাহনগুলিকে নির্দিষ্ট মোড় ব্যবহার করতে বলা হয়েছে । প্রয়োজনে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ-টার্ন নিয়েও উত্তরমুখী পথে যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে । বিশেষ করে পণ্যবাহী যানবাহনের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে । ইএম বাইপাস ধরে দক্ষিণমুখী ভারী যানবাহনকে হাডকো, কাঁকুরগাছি বা অন্য কোনও গুরুত্বপূর্ণ মোড় থেকে চিংড়িঘাটার দিকে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ । কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী আরও অতিরিক্ত বিধিনিষেধ বা বিকল্প রাস্তার ব্যবস্থাও করা হতে পারে । যানজট এড়াতে সাধারণ মানুষকে আগেভাগে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে । উল্লেখ্য, গত বছর থেকেই আইনি জটিলতার কারণে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশের কাজ আটকে ছিল । প্রায় 300 মিটার অংশে নির্মাণের অনুমতি না মেলায় থমকে যায় অরেঞ্জ লাইনের অগ্রগতি । বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও দীর্ঘদিন কোনও সমাধান হয়নি । অবশেষে সমস্ত জট কাটিয়ে এবার কাজ শুরু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ । মেট্রো সূত্রে খবর, সপ্তাহের শেষে যান চলাচল তুলনামূলক কম থাকায় পরপর দু’টি উইকএন্ডে এই কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে । 15 থেকে 18 মে এবং 22 থেকে 25 মে – এই দুই পর্যায়ে চলবে মেট্রো লাইনের গুরুত্বপূর্ণ নির্মাণকাজ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে প্রয়োজনীয় অনুমতিও মিলেছে । চিংড়িঘাটার মতো ব্যস্ত মোড়ে এই কাজের ফলে সাময়িক ভোগান্তি হলেও, ভবিষ্যতে শহরের গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে অরেঞ্জ লাইনের এই প্রকল্প – এমনটাই মনে করছে প্রশাসন ও মেট্রো কর্তৃপক্ষ ।