আগামী রবিবার 17 মে কলকাতা মেট্রোর ব্লু লাইনের একাংশে সম্পূর্ণ বন্ধ থাকছে পরিষেবা । শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সারা দিন চলবে না কোনও মেট্রো । কবি সুভাষ স্টেশনে সংস্কার এবং শহিদ ক্ষুদিরাম স্টেশনে বহু প্রতীক্ষিত ‘রেক রিভার্সাল’ কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেনের দিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় লুপ লাইনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরেই পরিকল্পনায় ছিল । অবশেষে সেই কাজ শুরু হতে চলেছে । পাশাপাশি কবি সুভাষ স্টেশনে পুনর্বাসন ও সংস্কারের কাজও চলছে জোরকদমে । সেই দুই প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই রবিবার ‘ওয়ার্কিং পাওয়ার ব্লক’ নেওয়া হচ্ছে। ফলে রবিবার শহিদ ক্ষুদিরাম, কবি নজরুল, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি, এই পাঁচটি স্টেশনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা । দক্ষিণ কলকাতার বহু যাত্রীকেই তাই বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হবে। তবে স্বস্তির খবরও রয়েছে । মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের বাকি অংশে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । অর্থাৎ উত্তর কলকাতা ও মধ্য কলকাতার যাত্রীরা নিয়মিত পরিষেবাই পাবেন । মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকেই দক্ষিণেশ্বরগামী ট্রেন ধরা যাবে । আবার দক্ষিণেশ্বর থেকেও ট্রেন চলবে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষের দাবি, অফিস যাত্রীদের কথা মাথায় রেখেই কাজের দিন এড়িয়ে রবিবারকে বেছে নেওয়া হয়েছে । সপ্তাহের অন্যান্য দিনে ব্লু লাইন শহরের অন্যতম ব্যস্ততম রুট । প্রতিদিন লক্ষাধিক মানুষ যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে এই পরিষেবার উপর নির্ভর করেন । তাই ছুটির দিনে আংশিক পরিষেবা বন্ধ রেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেট্রো সূত্রে আরও খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল চালু হলে ভবিষ্যতে পরিষেবা পরিচালনায় আরও গতি আসবে । বিশেষ পরিস্থিতিতে ট্রেন ঘোরানো বা আংশিক পরিষেবা চালু রাখার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে একদিনের এই সাময়িক অসুবিধার পর সোমবার, 18 মে থেকেই ফের স্বাভাবিক হয়ে যাবে গোটা গোটা ব্লু লাইন । দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সমস্ত স্টেশনেই নিয়মমাফিক চলবে মেট্রো পরিষেবা বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

