সংশোধনাগারের ভেতর থেকে বন্দিরা ফোনে হুমকি দেয় বলে অতীতে বহুবার অভিযোগ উঠেছে৷ এবার এই বিষয়গুলি নিয়েই কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার৷ শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই নিয়ে তদন্ত করবে সিআইডি৷ এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই সাংবাদিক বৈঠকে রাজ্যের সংশোধনাগারগুলির বেহাল দশা নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলকাতা পুলিশ, কারা দফতর এবং দমকলের যৌথ বাহিনী এক বিশাল তল্লাশি অভিযান চালায়। ডিজি (কারা) রমেশ বাবুর নেতৃত্বে প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অভিযানে জেলের ভেতর থেকে মোট 23টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনায় গাফিলতির অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট এন কুজুর ও চিফ কন্ট্রোলার দীপ্ত ঘোড়াইকে অবিলম্বে সাসপেন্ড করা হয়৷ পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই ফোনগুলি কীভাবে জেলের ভেতরে পৌঁছল, তা জানতে তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, শেখ শাহজাহানের মতো কুখ্যাত অপরাধীরা জেলে বসেও নিজেদের নেটওয়ার্ক চালাচ্ছিল। সুপ্রিম কোর্টের নিয়ম মেনে এই ধরনের বন্দিদের সাধারণ সেল থেকে সরিয়ে আলাদা আইসোলেশন সেলে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু প্রেসিডেন্সি জেল নয়, দমদম ও বহরমপুর সেন্ট্রাল জেল থেকেও একই ধরনের অভিযোগ আসছিল বলে তিনি জানান। শুক্রবার দুপুর থেকে রাজ্যের প্রতিটি সংশোধনাগারে মোবাইল ফোন বা অন্য কোনও নিষিদ্ধ সামগ্রীর ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, বাইরে থেকে যদি কেউ জেলের ভেতরে থাকা কোনও বন্দিকে ফোন করেন, তাহলে সেই ব্যক্তিকেও অভিযুক্ত হিসেবে ধরা হবে৷ ফলে এই ধরনের ব্যক্তিরাও তদন্তের আওতায় চলে আসবেন৷ এখন দেখার সিআইডি তদন্তে এই বিষয়ে আর কী কী তথ্য উঠে আসে৷ উল্লেখ্য, জেলের মধ্যে ফোনের ব্যবহার কোনও নতুন বিষয় নয়৷ এই নিয়ে এর আগে বহুবার অভিযোগ উঠেছে৷ জেল থেকে বসে বিভিন্ন অপরাধমূলক কাজের ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে৷ এর মধ্যে জেলের আধিকারিকরাও জড়িত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে একাধিকবার৷ সেই বিষয়টি এবার বন্ধ করতে চায় পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার, তা অন্তত এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট হয়েছে৷