রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের বেতন কাঠামো বৃদ্ধি নিয়ে সপ্তম বেতন কমিশন গঠন করার কথা ঘোষণা করা হয়েছে । নারী ও শিশু কল্যাণ এবং পুরমন্ত্রী আগ্নিমিত্রা পাল এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন । বেতন বৃদ্ধি নিয়ে আনন্দিত হলেও একরাশ হতাশার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেল বকেয়া ডিএ প্রসঙ্গে কোনও ঘোষণা না-থাকায় । এদিন সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের লড়াই শুধু ডিএ কেন্দ্রিক ছিল না । ছিল শূন্যপদ নিয়ে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ-সহ একাধিক বিষয় নিয়ে । সরকারের তরফে প্রথম বৈঠকের পর বলা হয়েছিল, ডিএ নিয়ে দ্বিতীয় বৈঠকে তারা সিদ্ধান্ত নেবে । আজ জানতে পারি, তাদের আলোচনার বিষয়ের মধ্যে ডিএ ছিল না । সপ্তম বেতন কমিশন গঠন করেছে । এই কমিশন গঠন করা ও লাগু করতে কত সময় লাগবে আমরা কিছু জানি না । তারা কী কী বিষয় নিয়ে চিন্তাভাবনা করবে সেটাও জানি না ।” তিনি আরও বলেন, “আমরা বারে বারে বলে আসছি কেন্দ্রের বা অন্য রাজ্যের কর্মীদের সঙ্গে আমাদের যে ডিএ-র পার্থক্য তাতে আকাশ জমিনের ফারাক । তৎকালীন বিরোধীরা এই বিষয় নিয়ে সরব হয়েছিল । তারা আজ সরকারে । ফলে ধৈর্য্য রাখছি । আশা করছি পরবর্তী কোনও বৈঠকে ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে । আমরা চাই কর্মীদের স্বার্থ কীভাবে রক্ষা করবে সেই বিষয়ে আমাদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসুক সরকার । আগের সরকারের মতো দরজা বন্ধ যাতে না-হয় । রাজ্যের আর্থিক অসঙ্গতি যে নেই সেটা ভাতা বৃদ্ধির মধ্যে দিয়ে স্পষ্ট করেছে সরকার । আগের সরকারের পথে না-হেঁটে সদিচ্ছা দেখিয়ে সমস্যা মেটান । গত সরকার যে চার শতাংশ ডিএ-র কথা বলেছিল, সেবিষয়েও এই সরকার পদক্ষেপ করতে পারত । দিনের শেষে একটু হলেও হতাশ ।” সিআইটিইউ নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, “নতুন সরকার কাজ করছে । এখনই তাদের বিরোধিতা বা প্রশংসা করছি না । কারণ বকেয়া ডিএ সংক্রান্ত কোনও পদক্ষেপ করেনি । পাশাপশি সপ্তম পে কমিশন গঠন ও বাস্তবায়ন নিয়ে বলেছে ৷ আগে হোক । এতে ডিএ থাকছে কি না সেটাও দেখতে হবে । বকেয়া ডিএ নিয়ে কিছু না-বলাতে হতাশ হলাম ।” আইএনটিইউসি নেতা শঙ্কর রায়ের কথায়, “আমরা খুশি । আমরা জানতাম আমাদের জন্য কিছু একটা হবে । এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা ।” আরেক শ্রমিক সংগঠন বিএমএস-এর নেতা ধরণী ধর দাস এবিষয়ে বলেন, “যেমন কথা তেমন কাজ । রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি । কর্মী স্বার্থে পদক্ষেপ করার জন্য । বকেয়া ডিএ নিয়েও আশা রাখছি ইতিবাচক পদক্ষেপ করবেন ।”