রাজ্যে পালাবদল হতেই নিত্যদিন গ্রেফতার হচ্ছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী ৷ এবার কী তবে তালিকায় রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ? রাজ্যে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই বিস্ফোরক ইঙ্গিত দিয়েছিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সেইসময়ে একদম সরাসরি নাম তুলে ধরে দাবি করেছেন, সুজিত বসুর পর এবার গ্রেফতারির তালিকায় রয়েছেন স্থানীয় প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তী। এবার সেই কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ফেসবুকে তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘রাজারহাট গোপালপুর বিধানসভার পাপ বিদায়। জন্মদিনের এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না। মঙ্গলবার রাতে পুলিশ দেবরাজকে আটক করতেই গ্রেফতারির জল্পনা বাড়ছে ৷

সূত্র মারফত জানা গিয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার একটি মামলায় দেবরাজ চক্রবর্তীকে আটক করা হয়েছে । 2021 সালে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয় । অভিযোগ ছিল, ওই বিজেপি কর্মী চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন ৷ সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছিল এবং বিষয়টিকে নির্বাচন-পরবর্তী হিংসা হিসেবে দাবি করে অভিযোগ দায়ের হয়েছিল । সেই পুরনো মামলাতেই বর্তমানে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গিয়েছে । যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারিভাবে মন্তব্য করা হয়নি ।