দীর্ঘ তিন বছরের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের পিএমশ্রী মডেল স্কুল প্রকল্প। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই জল্পনাতেই এবার কার্যত সিলমোহর পড়ল। গত 15 মে দিল্লিতে কেন্দ্রীয় স্কুল শিক্ষা মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দফতরের মধ্যে একটি সমঝোতা মউ স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা দফতরের সূত্রে খবর, জাতীয় শিক্ষানীতির কাঠামো মেনেই পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালুর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। খুব শীঘ্রই প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকার 2022-23 শিক্ষাবর্ষে ‘প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া’ বা পিএমশ্রী প্রকল্প চালু করে। লক্ষ্য ছিল দেশের বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত স্কুলকে আধুনিক পরিকাঠামো, উন্নত শিক্ষাপদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। সমগ্র শিক্ষা অভিযানের আওতায় 2027 সালের মধ্যে পশ্চিমবঙ্গেও ধাপে ধাপে 14 হাজারের বেশি স্কুলকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি ব্লক থেকে অন্তত একটি করে স্কুলকে বেছে নেওয়া হবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি, খেলাধুলা এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের উপর জোর দেওয়া হবে। পাশাপাশি, ওই স্কুলগুলি আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছেও ‘মডেল স্কুল’ হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে 27 হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। খরচের 60 শতাংশ বহন করবে কেন্দ্র, বাকি 40 শতাংশ দেবে রাজ্য সরকার। তবে এতদিন এই প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতপার্থক্য ছিল। পূর্বতন রাজ্য সরকারের আপত্তির মূল কারণ ছিল স্কুলের নামের আগে ‘পিএমশ্রী’ শব্দ ব্যবহারের শর্ত। রাজ্যের দাবি ছিল, শিক্ষা যেহেতু সংবিধানের যৌথ তালিকাভুক্ত বিষয় এবং এই প্রকল্পে রাজ্যও আর্থিক অংশীদার, তাই শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নামকরণ গ্রহণযোগ্য নয়। সেই কারণেই এতদিন পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যোগ দেয়নি। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। অবশেষে দিল্লিতে কেন্দ্র ও রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পে যুক্ত হল। শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে অন্তত একটি করে স্কুল নির্বাচন করা হবে। পরবর্তীতে সেই স্কুলগুলিকে ধাপে ধাপে পিএমশ্রী মডেল স্কুলে রূপান্তরিত করা হবে। ইতিমধ্যেই রাজ্যের কিছু কেন্দ্রীয় বিদ্যালয় ও জওহর নবোদয় বিদ্যালয়ে এই প্রকল্প কার্যকর হয়েছে। এবার সরকারি ও সরকার-পোষিত বাংলা মাধ্যম স্কুলগুলিকেও আধুনিক মডেল স্কুল হিসেবে গড়ে তোলার কাজ শুরু হতে চলেছে।

