শুরুতে গোল হজমের ধাক্কা সামলে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার আইএসএল ঘরে তুলল ইস্টবেঙ্গল ৷ ২২ বছর আবারও ভারতসেরা লাল-হলুদ ৷ খেতাব ধরে রাখার দৌড়ে ছিল মোহনবাগানও ৷ কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থেকে খেতাবি দৌড়ে সবচেয়ে অ্যাডভান্টেজ ছিল লাল-হলুদ ৷ কিশোরভারতীতে এদিন প্রথমার্ধে আলফ্রেড মোয়ার গোলে পিছিয়ে অবশ্য কাজটা কঠিন করে ফেলেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল তুলে নিয়ে বাজিমাত অস্কার ব্রুজোঁর লাল-হলুদের ৷ স্বপ্নপূরণ হল দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ইস্টবেঙ্গল অনুরাগীদেরও ৷ ইউসেফ এজ্জেজারির গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল ৷ এরপর কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মশাল ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন মহম্মদ রশিদ ৷ যা কাঙ্খিত ট্রফি নিশ্চিত করে ইস্টবেঙ্গলের ৷ 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে প্রথম আইএসএল জিতল লাল-হলুদ ৷ সমসংখ্যক পয়েন্টে শেষ করলেও গোলপার্থক্যে পিছিয়ে দ্বিতীয়স্থানে শেষ করল মোহনবাগান ৷ সবুজ-মেরুনও শেষ ম্যাচে পিছিয়ে পড়ে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারাল 2-1 গোলে হারাল ৷ কলকাতার দুই প্রধান ছাড়া এদিন আইএসএল 2025-26 জয়ের দৌড়ে ছিল আরও তিনটি ক্লাব- পঞ্জাব এফসি, মুম্বই সিটি এফসি ও জামশেদপুর এফসি ৷ এর মধ্যে প্রথম দু’টি দল একে অপরের মুখোমুখি হয়েছিল ৷ যে ম্যাচে মুম্বই 2-0 গোলে জিতলেও এক পয়েন্টে পিছিয়ে পড়ল তারা ৷ তৃতীয়স্থানে শেষ করল তারা ৷ অন্যদিকে জামশেদপুর ম্যাচ ড্র করে 22 পয়েন্ট নিয়ে থামল ছ’য়ে ৷ একই পয়েন্ট নিয়ে পাঁচে শেষ করল পঞ্জাব এফসি ৷ বেঙ্গালুরু 23 পয়েন্ট নিয়ে চারে শেষ করল ৷ খেলার গতির বিরুদ্ধে গিয়ে কিশোরভারতীতে এদিন 14 মিনিটে গোল তুলে নেয় কাশী ৷ আলফ্রেড মোয়ার দুরন্ত ভলিতে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল ৷ প্রথমার্ধে 0-1 গোলে পিছিয়ে থাকে ব্রুজোঁর ছেলেরা ৷ তবে দ্বিতীয়ার্ধে 49 মিনিটে আনোয়ার আলির ডিফেন্স চেরা থ্রু ধরে বিপক্ষ গোলরক্ষককে নাটমেগ করে ম্যাচে লাল-হলুদকে সমতায় ফেরান স্প্যানিশ স্ট্রাইকার এজ্জেজারি ৷ 11 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার তিনিই ৷ ইস্টবেঙ্গলের জয়সূচক গোলটি আসে 72 মিনিটে ৷ তার ঠিক আগেই জোড়া পরিবর্তন এনে মাস্টারস্ট্রোক দেন ব্রুজোঁ ৷ এজ্জেজারিকে তুলে অ্যান্টন সোবার্গকে নামিয়ে দেন তিনি ৷ সঙ্গে আনোয়ার আলিকে তুলে নামান সৌভিক চক্রবর্তীকে ৷ এরপর ডানপ্রান্ত থেকে বিপিন সিংয়ের মাপা সেন্টার থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন প্যালেস্তাইন মিডফিল্ডার রশিদ ৷ এরপরেও একাধিক সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে ৷ কিন্তু শেষপর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে খেতাব নিশ্চিত করে মশালবাহিনী ৷ ইস্টবেঙ্গলকে প্রথম আইএসএলের জয়ের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ঐতিহাস্ক জয় ৷ ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন ৷ আন্তরিক অভিনন্দন ইস্টবেঙ্গলকে ৷ বাংলা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি-কোটি লাল-হলুদ সমর্থকদের কাছে আজকের দিনটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে ৷”

