এবার শান্তিনিকেতনের সোনাঝুরিতে চলল বুলডোজার । জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ বন দফতরের ৷ যাতে কোনওভাবে জঙ্গলে চারচাকা গাড়ি না প্রবেশ করতে পারে তার জন্য সোমবার মাটি কেটে বন্ধ করে দেওয়া হল পথ ৷ পাশাপাশি, হোটেল-রিসর্টের বিজ্ঞাপনে মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলের ৷ উপড়ে ফেলা হল সেই সব বিজ্ঞাপনী প্রচার সাইনবোর্ড ৷ ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ সারা বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে এখানে । কিন্তু, বন দফতরের জায়গায় কোনও ব্যবসায়িক হাট বসার নিয়ম নেই । এই হাট ‘বেআইনি’। এছাড়া, জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে চারচাকা গাড়ি । যত্রতত্র পড়ে থাকে প্লাস্টিক । ফলে ধ্বংস হয় জঙ্গলের পরিবেশ, নষ্ট হয় গাছ ৷ এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । এই মামলায় রায় দান এখন সময়ের অপেক্ষা ।
এদিকে গত কয়েক বছরে ধরে সোনাঝুরি জঙ্গলের আশেপাশে কয়েকশো হোটেল-রিসর্ট গড়ে উঠেছে । অধিকাংশ নিয়ম বহিঃভূতভাবেই ৷ সেই হোটেল-রিসর্টের বিজ্ঞাপনী বোর্ডে মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলের ৷ জঙ্গল লাগোয়া রাস্তার দুই দিকে লোহার বিজ্ঞাপনী বোর্ড কংক্রিটের ঢালাই করে বসানো হয়েছিল ৷ এদিন সেই সমস্ত বোর্ড উপড়ে ফেলে দেওয়া হয় ৷ বোলপুরে বন দফতরের রেঞ্জার জ্যোতিষ বর্মনের নেতৃত্বে এদিন সকাল থেকে জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় ৷ উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে ।

