এবার কলকাতায় তল্লাশি অভিযান, গ্রেফতারি কিংবা অন্য সরকারি কাজে আর ইচ্ছেমতো পোশাকে যেতে পারবেন না পুলিশকর্মীরা । এবার থেকে অধিকাংশ ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হল পুলিশের উর্দি ৷ আর তা পরেই দায়িত্ব পালন করতে হবে পুলিশকর্মীদের ।

পুলিশ সূত্রে খবর, সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও আস্থা বাড়াতেই এই পদক্ষেপ । সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে সাদা পোশাকের ব্যক্তিদের পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । কলকাতা পুলিশ কমিশনারের দফতর সম্প্রতি এই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে । 24 মে জারি হওয়া ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও তল্লাশি অভিযান, গ্রেফতারি বা সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশকর্মীদের পরিচয় স্পষ্ট থাকা জরুরি । তাই সাধারণ বা সাদা পোশাকে নয়, উর্দি পরেই অভিযানে যেতে হবে । তবে বিশেষ পরিস্থিতিতে যদি সাদা পোশাকে যাওয়ার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে । পাশাপাশি অভিযানের সময় সংশ্লিষ্ট পুলিশকর্মীদের পরিচয় যেন সহজে বোঝা যায়, সেটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও এই নিয়মের বাইরে রাখা হয়েছে কলকাতা পুলিশের কয়েকটি বিশেষ শাখাকে । ডিটেকটিভ ডিপার্টমেন্ট, স্পেশ্যাল টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সাইবার ইউনিট-সহ গোপন অভিযানে যুক্ত বিশেষ বাহিনীর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে । কলকাতা পুলিশের নয়া নির্দেশিকায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ‘ডিকে বসু বনাম পশ্চিমবঙ্গ’ মামলার রায়ের কথাও উল্লেখ করা হয়েছে । 1997 সালের ওই মামলায় গ্রেফতার ও তল্লাশির সময় পুলিশের আচরণবিধি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত । সেই নির্দেশ মেনেই এবার আরও কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ কমিশনারের দফতর । রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার লালবাজারে যান ৷ সেখানে দীর্ঘক্ষণ নগরপাল অজয় নন্দ-সহ একাধিক পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন ৷ আর সেই বৈঠকে এই উর্দি নিয়ে নির্দেশিকা যাতে কঠোরভাবে কার্যকর হয় সেই নিয়ে কথা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ৷ এই নতুন নির্দেশিকা জারির পিছনে কারণ হিসাবে লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে, বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ার বাড়িতে পাঠানো হত, বা মহিলাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে পুরুষ পুলিশ যেত, মহিলা পুলিশ কর্মীর বদলে ৷ এমনকি পুলিশ বিনা উর্দিতে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হত বলেও অভিযোগ ওঠে ৷ সেক্ষেত্রে কে পুলিশ, কে নয়, তা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় ৷ তাই এই সরকারের আমলে যাতে তেমনটা না-হয় তার জন্য এই নয়া নির্দেশিকা ৷ ইতিমধ্যে নগরপাল অজয় নন্দ শহরের সবকটি থানার ওসি এবং ডেপুটি কমিশনার অফ পুলিশদের নির্দেশ দিয়েছেন যে, যেকোনও দায়িত্ব পালনে বা তদন্তে উর্দি পরিহিত পুলিশকর্মীরাই যাবেন ৷ তাঁরাই জিজ্ঞাসাবাদ করবেন ৷ নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে বোঝাতে যে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এসেছে, সেটা মানুষকে বোঝাতেই এই উদ্যোগ ৷