SIR নিয়ে দায়ের হওয়া সবকটি মামলার রায় বুধবার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট ৷ আর সেই রায় দিতে গিয়ে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়াটি পরিচালনা করার সম্পূর্ণ এক্তিয়ার রয়েছে নির্বাচন কমিশনের ৷ সুতরাং, এই এসআইআর-এর জেরে কোনও বিধিবদ্ধ বা সাংবিধানিক বিধান লঙ্ঘন করা হয়নি । শীর্ষ আদালত জোর দিয়ে আরও বলেছে যে, এই প্রক্রিয়ার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে । SIR প্রক্রিয়াটি প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার বাইরে গিয়ে কোনও কাজ করেছে এমনটা বলা যায় না । আদালত অভিমত প্রকাশ করেছে, SIR প্রক্রিয়াটি আনুপাতিকতার নীতি মেনে চলে ৷ এটি কোনওভাবেই দৃশ্যত অতিরিক্ত বা অসংগত নয় । শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে যে, ভোটার তালিকার নির্ভুলতা পুনরুদ্ধারের সাংবিধানিক উদ্দেশ্যকে সামনে রেখেই এই প্রক্রিয়াটি গ্রহণ করা হয়েছে ৷ আদালত দৃঢ়ভাবে এদিন জানিয়েছে, নির্বাচন কমিশনের দ্বারা গৃহীত এই পদক্ষেপগুলিকে কোনওভাবেই অসামঞ্জস্যপূর্ণ হিসেবে গণ্য করা যেতে পারে না । প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, এসআইআর’ (SIR) প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে—এমনটা বলা যায় না । বেঞ্চ আরও বলেছে, “আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে, আলোচ্য এই পদক্ষেপ কেবল প্রশাসনিক সুবিধার্থে গ্রহণ করা একটি প্রক্রিয়া মাত্র । বরং এর বিপরীতে, আমরা মনে করি যে, এসআইআর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক আবশ্যকতাকেই এগিয়ে নিয়ে যায় ।” এসআইআর’-কে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলিতে দাবি করা হয়েছিল যে, সংবিধানের 326 অনুচ্ছেদ, ‘জনপ্রতিনিধিত্ব আইন, 1950’ এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী—বৃহত্তর পরিসরে ‘এসআইআর’ পরিচালনার কোনও ক্ষমতা নির্বাচন কমিশনের নেই । গত 29 জানুয়ারি, শীর্ষ আদালত এই আবেদনগুলির ওপর তাদের রায় সংরক্ষিত রাখে; যার মধ্যে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (ADR) নামক একটি বেসরকারি সংস্থার (NGO) দায়ের করা আবেদনটিও অন্তর্ভুক্ত ছিল । বিহারে ‘এসআইআর’ কার্যক্রমটি এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে পরিচালিত হয়েছিল । গত বছর 12 অগস্ট শীর্ষ আদালত এই মামলার চূড়ান্ত শুনানি শুরু করে এবং সেই সময় পর্যবেক্ষণ করে যে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সাংবিধানিক এক্তিয়ারের আওতাভুক্ত ।

