প্রায় তিন সপ্তাহ হতে চলল বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও মন্ত্রিসভার সম্প্রসারণ হয়নি। আর তা নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যেই রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা প্রায় প্রস্তুত বলেই সূত্রের খবর। দপ্তর বন্টন নিয়ে ইতিমধ্যে একাধিক দফায় উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। সেখানেই মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী সোম কিংবা মঙ্গলবারের মধ্যেই মন্ত্রীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত। জানা গিয়েছে, আগামিকাল, ২৯ মে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ অনুমোদন ও বার্তা নিয়ে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের একাধিক প্রতিনিধি এসে পৌঁছবে কলকাতায়। তারপর শনিবার ও রবিবার টানা বৈঠকে বসতে পারেন শীর্ষ নেতৃত্ব। সেখানে শেষ মুহূর্তের সমীকরণ, দপ্তর বণ্টন এবং রাজনৈতিক ভারসাম্য নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবারের সম্প্রসারণে তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্ব নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর।