ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে আজ, সোমবার তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে রাজ্য গোয়েন্দাদের কাছে আবেদন জানান অভিষেক। কিন্তু এর মধ্যেই ফের তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। করা হয় গোটা বাড়ির ভিডিওগ্রাফি। তদন্তকারীদের দাবি, কোথাও কোনও খামতি রাখা হচ্ছে না। সবটাই ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। এরপরেই একটি নোটিস ডায়মন্ড হারবারের সাংসদকে ধরানো হয়েছে বলে খবর।   বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ায় বিধানসভার সচিব এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতে সিআইডি তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিস ধরায়। এ প্রসঙ্গে নোটিস দিয়ে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। শনিবার তিনি এই নোটিস পাওয়ার পর সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে যেতে গিয়ে বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত অভিষেক! তাঁকে লক্ষ্য করে ডিম-পাথর ছোড়া হয়। করা হয় মারধর। মাথায় হেলমেট থাকায় ছোড়া ইটের আঘাত থেকে বেঁচে যান। পরে দুটি হাসপাতালে অভিষেকের চিকিৎসা হয়। আপাতত তিনি বাড়িতেই হাসপাতালের পরিকাঠামোয় বিশ্রামে রয়েছেন। চলছে পেন কিলার সহ একাধিক ওষুধ।