মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁকে রেজিনগর আসনটি ছেড়ে দিতে তৈরি হুমায়ুন কবীর৷ রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গেলে আপত্তি নেই আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুনের৷ বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগর থেকেও জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর৷ শেষ পর্যন্ত রেজিনগর কেন্দ্র থেকে ইস্তফা দেন তিনি৷ হুমায়ুন আগেই জানিয়েছিলেন, রেজিনগর কেন্দ্র থেকে উপনির্বাচনে নিজের ছেলেকে প্রার্থী করবেন তিনি৷ যদিও বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে তৃণমূলে ভাঙন ধরার পরই তৃণমূলনেত্রীকে ফের বিধানসভায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন হুমায়ুন৷ এ দিন হুমায়ুন কবীর বলেন, উনি একসময় আমাকে মন্ত্রী করেছেন, দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে রাজনীতি করেছি৷ সেই হিসেবেই উনি যদি বলেন যে বিধানসভায় যেতে চান, আমাকে যদি উনি বলেন তাহলে দীর্ঘদিনের নেত্রী হিসেবে ওনার জন্য আমি এটুকু করতে পারি৷ তবে তার জন্য শর্তও দিয়েছেন হুমায়ুন৷ তাঁর দাবি,মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেই এই প্রস্তাব তাঁর কাছে আসতে হবে৷ তিনি নিজে যেচে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে এই প্রস্তাব দেবেন না৷ হুমায়ুনের কথায় উনি অন্যতম সিনিয়র রাজনীতিবিদ৷ ২০২১-এ নন্দীগ্রামের পর আবার এবারের ভোটে ভবানীপুরে হারলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর দলেরই প্রথমবার বিধায়ক হওয়া সিপিএমের বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দুর্ব্যবহার করলেন, তা দেখে আমার মনে হয়েছে উনি বিধানসভায় যেতে চাইলে সেই ইচ্ছেকে সম্মান জানানো উচিত৷ আমার ছেলের মাত্র ৩৩ বছর বয়স, ভবিষ্যতে ওর সামনে আবার প্রার্থী হওয়ার সুযোগ আসবে৷ আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হিসেবে এটুকু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করতেই পারি৷ কিন্তু আমাকে প্রস্তাব দিতে হবে, আমি নিজে থেকে যাবো না৷

