দলের সাংসদদের মধ্যে ভাঙনের জোরাল জল্পনার মাঝেই আজ, রবিবার দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল ৮ জুন রাহুল গান্ধি সহ INDIA জোটের অন্য শরিকদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর৷ অন্যদিক, শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কেন তড়িঘড়ি অভিষেককে পাঠানো হল দিল্লিতে, তা নিয়েও শুরু হয়েছে চর্চা৷ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে কংগ্রেসের রাহুল গান্ধি সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন৷ এমনকি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব নিজে কলকাতায় ভবানীপুরের বাড়িতে এসে দেখা করেছিলেন মমতার সঙ্গে৷ অন্যদিকে, বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করে শক্তিশালী করার কথা জানিয়েছেন মমতাও৷ এই পরিস্থিতিতে সোমবার INDIA বৈঠক৷ অন্যদিকে, বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ সাংসদেরা INDIA-র বৈঠকের দিনই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন৷ সেই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে উপস্থিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে৷ ইতিমধ্যেই শনিবার বিকেলে দিল্লি উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েকজন সাংসদেরও তাঁদের সঙ্গে দিল্লি যাওয়ার কথা৷ আগামিদিনে জাতীয় রাজনীতিতে এই জোট কীভাবে কাজ করে এবং তাতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী হবে তা-ও এই বৈঠক থেকে উঠে আসতে পারে৷

