ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’কে ঘিরে তদন্তের জাল আরও বিস্তৃত হচ্ছে । পাঁচদিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর রবিবার তাঁকে ফের ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তকারীরা আরও সময় চেয়ে আবেদন করেন । আদালতে পুলিশের দাবি, মামলার তদন্তে এখনও একাধিক গুরুত্বপূর্ণ সূত্রের অনুসন্ধান বাকি রয়েছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন । সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জাহাঙ্গির খানকে আরও ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন । তদন্তকারী সূত্রের খবর, জাহাঙ্গির খানের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের সূত্র ধরে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে এসেছে । গত পাঁচদিনে তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । পাশাপাশি তাঁর যোগাযোগ, আর্থিক লেনদেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়েও খোঁজখবর চালানো হয়েছে বলে জানা গিয়েছে । তবে তদন্তকারীদের দাবি, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি । সেই কারণেই ফের পুলিশি হেফাজতের আবেদন করা হয় । রবিবার আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা । সকাল থেকেই আদালত সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযুক্তকে আদালতে আনা ও নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় । প্রশাসনের একাংশের মতে, ঘটনাটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে । দক্ষিণ 24 পরগনার ফলতা অঞ্চলে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত জাহাঙ্গির খান । স্থানীয় রাজনীতিতে তাঁর প্রভাব ও ভূমিকা নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে । ভোটের আগে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে জাহাঙ্গিরের বাড়ির সামনে গিয়ে হুঁশিয়ারিও দিতে দেখা যায় ৷ যার পালটা জাহাঙ্গির নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়েছিলেন ৷ যদিও ভোটের দিন ফলতায় রিগিংয়ের অভিযোগ ওঠে৷ নির্বাচন কমিশন ভোট বাতিল করে দেয় ৷ ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হয় গত 21 মে ৷ ততদিনে রাজ্যে তৃণমূল জমানার ইতি ঘটে গিয়েছে ৷ বিজেপির সরকারও তৈরি হয়ে গিয়েছে ৷ সেই পরিস্থিতিতে ভোটের আগেই সরে দাঁড়ান জাহাঙ্গির ৷ এমনকী পুনর্নির্বাচনের একদিন আগে থেকে তাঁর খোঁজও মিলছিল না ৷ সম্প্রতি তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করে ভারত-নেপাল সীমান্ত থেকে ৷ অভিযোগ, তিনি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ৷

