একই পরীক্ষা ফের দিতে হবে ! কোনও ভুলই তাঁরা করেননি, শুধু প্রশ্নপত্র ফাঁস হওয়ার দায়ে মাত্র দু’মাসের মধ্যে আবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসার চাপ তাঁরা নিতে পারেননি ৷ তাই ‘কেউ দায়ী নয়’ নোট লিখে অনেক পড়ুয়াই নিজের জীবন শেষ করার পথে হেঁটেছেন ৷ রবিবার নিট-ইউজি পরীক্ষার 48 ঘণ্টার মধ্যে 4 জন এবং 12 মে পরীক্ষা বাতিল হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট 13 জন পরীক্ষার্থী নিজেদের জীবন শেষ করলেন ৷ গত 3 মে হওয়া সর্বভারতীয় পরীক্ষাটি প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হয় 12 মে ৷ এরপর ফের 21 জুন দ্বিতীয় বার নিট-ইউজি পরীক্ষার দিন ধার্য করে শিক্ষা মন্ত্রক ৷ এদিন 22 লক্ষ পরীক্ষার্থী রিটেস্টে অংশ নিয়েছিলেন ৷ কিন্তু কেউ কেউ আর পরীক্ষায় বসার চাপ নিতে পারেননি ৷ এদিন সকালে তামিলনাড়ুর হোসুরে এক 20 বছর বয়সি নিট পরীক্ষার্থী নিজের জীবন শেষ করেন ৷ তিনি গত তিন বছর ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ কিন্তু 3 মে’র পর ফের এই পরীক্ষা দেওয়ার মানসিক চাপ নিতে পারছিলেন না ৷ পরীক্ষার্থীর একটি নোটবুক থেকে তাঁরই হাতে লেখা একটি নোট উদ্ধার করেছে পুলিশ ৷ তাতে লেখা রয়েছে , “আমি হয়তো এবারও পারব না ৷ এই ভয়ে এই চরম সিদ্ধান্ত নিচ্ছি ৷ মা, বাবা আর ভাই, আমায় ক্ষমা করো প্লিজ ৷” স্থানীয় সূত্রে খবর, মৃত ওই পরীক্ষার্থী ভেত্রিইয়ানাথাম, কৃষ্ণগিরি জেলায় হোসুরের বাগালুর রোডের বাসিন্দা ৷ এই পরীক্ষায় যদি পাশ করতে না-পারেন, এই নিয়ে তিনি খুব চাপে ছিলেন ৷ সকালে তাঁর বাবা কাজে গিয়েছিলেন ৷ মাও দোকানে গিয়েছিলেন ৷ বাড়িতে আর কেউ ছিল না ৷ এই সুযোগে ভেত্রিইয়ানাথাম চরম সিদ্ধান্ত নেন ৷ ফিরে এসে তাঁর মা সন্তানের এই পরিস্থিতি দেখে স্তম্ভিত হয়ে যান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ এরকমই আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে ৷ সানা শেখ নামে ওই পড়ুয়া শনিবার চরম সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করেন ৷ এখ পুলিশ আধিকারিক জানান, ওই তরুণী মিয়াপুরে একটি ফ্ল্যাটে তাঁর বোনের সঙ্গে বাস করতেন ৷ তিনি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন ৷ সানার বাবা কুয়েতে চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ ৷ সানা এবং তাঁর থেকে দুই বোনকে দেখাশোনা করতেন মাসি ৷ তিনি বাড়ির কাছেই থাকেন ৷ মিয়াপুর পুলিশ ইন্সপেক্টর পি শিবা প্রসাদ বলেন, “ওদের মাসি বাড়ির কাছেই থাকত ৷ তিনি সন্তানদের দেখাশোনা করতেন ৷” পুলিশ একটি হাতে লেখা নোট উদ্ধার করেছে ৷ তাতে পড়ুয়া লিখেছে, ‘কেউ দায়ী নয়’ ৷ পুলিশের অনুমান, ফের পরীক্ষায় বসার এই মানসিক চাপ সানা সহ্য করতে পারছিলেন না ৷
ফের NEET-UG পরীক্ষা আগে চরম সিদ্ধান্ত ২ পরীক্ষার্থীর, পড়ুয়া-মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩
Byবঙ্গনিউজ
Jun 21, 2026
