ক্ষমতায় এসেই বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও পুলিশি প্রহরা তুলে নেওয়া হয়েছিল। এর মাঝেই মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাইক চড়ে তাঁর বাসভবনের সামনে এসে বাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুঁড়তে শুরু করেন। এই নিয়ে এবার এক্স হ্যান্ডেলে সরব হলেন অভিষেক। পুলিশ প্রশাসনকে নিশানা করে তিনি লেখেন, ”বিজেপির গুন্ডারাজের অধীনে বাংলায় হিংসা এখন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র আইন-শৃঙ্খলার বিপর্যয় নয়; এটি সহিংসতার বিপজ্জনক প্রাতিষ্ঠানিকীকরণ। ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে দুষ্কৃতীরা এই ধরণের হামলা চালিয়ে সম্পূর্ণ নির্বিঘ্নে চলে গেল?” এরপরেই তিনি ঘটনা বিস্তারিত জানিয়ে বলেন, ”আজ ভোরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইক চড়ে বাসভবনের সামনে এসে কোন কারণ ছাড়াই বাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুঁড়তে শুরু করে। এর ফলে বাড়ির দোতলার জানলার কাঁচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এই ঘটনা আসলে হিংসা ও জুলুমবাজির এক বিপজ্জনক প্রাতিষ্ঠানিক রূপ।” গুন্ডা দমন বিল প্রসঙ্গ তুলে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিষেক বলেন, “এটাই হল এই মুহূর্তে বাংলার ভয়ঙ্কর বাস্তব। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হিংসা স্বাভাবিক হয়ে গিয়েছে এবং গুন্ডাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। অপরাধমূলক কাজে লিপ্ত থাকা ব্যক্তিরা এখন আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরছে, কারণ তারা যথেষ্ট আত্মবিশ্বাসী যে রাষ্ট্র বা প্রশাসন তাদের রক্ষা করবে। ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’ এর মত নতুন কঠোর আইনটি কী তবে বিজেপি সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে?”

