ফের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’মাসের মধ্যে তৃতীয়বার। ঝটিকা সফরে শুক্রবার শিলিগুড়ি আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্যোগ মোকাবিলায় উত্তরবঙ্গের আট জেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দিতে উত্তরকন্যায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শুরু হওয়ার কথা দুপুর ২টায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ফিরে যাবেন কলকাতায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির প্রশাসনিক কর্তারা সশরীরে উপস্থিত থাকবেন উত্তরকন্যার বৈঠকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির প্রশাসনিক কর্তারা বৈঠকে যোগ দেবেন ভার্চুয়ালি। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ছাড়াও কয়েকজন মন্ত্রীর আসার কথা। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, ‘আমাদের সরকার উত্তরবঙ্গকে কতটা গুরুত্ব দেয়, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক উদ্যোগেই তা স্পষ্ট। উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকবে না।’