জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ ! এমনই অভিযোগ বেঙ্গালুরুর তালাগাট্টাপুরা থানা এলাকায় ৷ ২৬ বছরের ওই তরুণী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন তরুণী ঘটনাস্থল থেকে কোনওভাবে পালিয়ে গিয়ে পুলিশের জরুরি হেল্পলাইন নম্বর ১১২ তে ফোন করেন ৷ এরপরই তাঁর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা জানান ৷ নির্যাতিতার ফোন পেয়ে তালাগাট্টাপুরা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁকে উদ্ধার করে ৷ মেয়েটির করা এফআইআর-এর ভিত্তিতে তদন্তে নেমে পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বেঙ্গালুরু দক্ষিণ-পশ্চিম ডিভিশনের ডিসিপি অনিতা বি হাড্ডান্নাভার বলেন, “অভিযুক্তদের নাম সোমশেখর, অম্বরীশ, প্রদীপ, রামাপ্পা এবং জগদীশ ৷ ধৃতদের চিহ্নিত করেছেন নির্যাতিতা ৷ মেয়েটি পুলিশের কাছে করা অভিযোগে জানিয়েছেন, তাঁর জন্মদিন কয়েকদিন আগে ছিল ৷ বন্ধু সোমশেখর তাঁকে জন্মদিনের দিন শুভেচ্ছা জানাতে না-পারায়, 30 জুন পার্টি আয়োজন করেছে বলে মেয়েটিকে ডেকে পাঠায় ৷ নির্যাতিতা তাঁর অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ওই সোমশেখরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল বেশ ক’য়েকদিন আগে ৷ তাঁরা একে-অপরকে বেশ কিছুদিন ধরেই চিনতেন ৷ ফোনেও নিয়মিত যোগাযোগ হত ৷ এমনকী সম্প্রতি বেশ ক’য়েকবার দেখাসাক্ষাৎও হয়েছিল তাঁদের মধ্যে ৷

