November 26, 2026
BREAKING NEWS
ভাবনায় ভারত সবার আগে, কর্মে কর্তব্যই প্রধান: প্রধানমন্ত্রী মোদিপ্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকা
দেশ

ভাবনায় ভারত সবার আগে, কর্মে কর্তব্যই প্রধান: প্রধানমন্ত্রী মোদি

1949 সালের 26 নভেম্বর গণপরিষদ আমাদের সংবিধান গ্রহণ করে। আজ আমরা ড. রাজেন্দ্র প্রসাদ, ড. বাবাসাহেব আম্বেদকর এবং গণপরিষদের প্রত্যেক সদস্যকে স্মরণ করছি ৷ তাঁরা একটি আধুনিক সংবিধান প্রণয়নের সময় ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও সভ্যতার প্রজ্ঞা থেকে প্রচুর উপাদান গ্রহণ করেছিলেন ৷ এখানেই তাঁদের মহানুভবতা ৷ ভারতের মতো বৈচিত্র্যময় একটি দেশে— যেখানে রয়েছে অসংখ্য ধর্ম, ভাষা, প্রথা ও চিন্তাধারা—সেখানে সংবিধানের প্রভাব শুধু সংসদ বা আদালতের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয় ৷ আমাদের প্রচেষ্টা ছিল সংবিধানের সঙ্গে জনগণের— বিশেষ করে তরুণ প্রজন্মের— সমষ্টিগত চেতনার সংযোগ আরও গভীর করা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরিহার্য ঐক্যের চেতনাকে শক্তিশালী করা। আর সেই কারণে এক দশকেরও বেশি সময় আগে আমাদের সরকার 26 নভেম্বর তারিখটিকে ‘সংবিধান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় ৷

আমি এবং আমার মতো কোটি কোটি ভারতবাসীর কাছে ভারতের সংবিধান আমাদের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ ৷ যখনই আমি আমার শৈশবের দিকে ফিরে তাকাই— যে সাধারণ পরিবেশে আমি বড় হয়েছি, দৈনন্দিন জীবনে যে সংগ্রামের মুখোমুখি হয়েছি— তখন আমাদের সংবিধানের প্রতি এক গভীর কৃতজ্ঞতাবোধে আমার মন ভরে ওঠে। অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা, জন্মসূত্রে কোনও বিশেষ সুবিধা বা সুযোগ না থাকা সত্ত্বেও, একজন ব্যক্তি যে একদিন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সেবার দায়িত্ব পেতে পারেন— তা থেকেই বোঝা যায়, আমাদের সংবিধান কতটা অসাধারণ। আমাদের সংবিধানের কারণেই আজ কারও জন্মের পরিস্থিতি আর তার ভবিষ্যতের সীমা নির্ধারণ করে দেয় না ৷ আমরা আমাদের সাধ্যমতো সংবিধানকে শক্তিশালী করার মাধ্যমে এই কৃতজ্ঞতার ঋণ শোধের চেষ্টা করেছি। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ গ্র্যানভিল অস্টিন আমাদের সংবিধানকে ‘সর্বোপরি একটি সামাজিক দলিল’ হিসেবে অভিহিত করেছেন । সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষা আমাদের সংবিধানের প্রতিটি স্তরে মিশে আছে ৷ তাই, আমাদের সংবিধান প্রণেতাদের লালিত এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করার চেয়ে তৃপ্তিদায়ক আর কী হতে পারে ? বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে, প্রায় 50 কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন ৷ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বঞ্চনার শৃঙ্খল ভেঙে, কোটি কোটি অভিভাবক এখন তাঁদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছেন। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র মাধ্যমে যখন কোনও পরিবার খড়ের চালের ঘর থেকে পাকা বাড়িতে ওঠার সুযোগ পায়, তখন সংবিধানে দেওয়া মর্যাদার প্রতিশ্রুতি প্রকৃত অর্থ খুঁজে পায়। ‘উজ্জ্বলা যোজনা’-র মাধ্যমে যখন একজন মা ধোঁয়ায় ভরা রান্নাঘরের কষ্ট থেকে মুক্তি পান, তখন আমরা সমতা ও কল্যাণের আদর্শকে এগিয়ে নিয়ে যাই। ‘আয়ুষ্মান ভারত’-এর কল্যাণে যখন একটি দরিদ্র পরিবার ঋণের বোঝা মাথায় নেওয়ার ভয় ছাড়াই উন্নত মানের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পায়, তখন সামাজিক ন্যায়বিচার একটি বাস্তবতায় পরিণত হয়। ‘মুদ্রা’ (MUDRA) এবং ‘পিএম-স্বনিধি’(PM-SVANidhi)-র মতো প্রকল্পের মাধ্যমে যখন ছোট উদ্যোক্তা ও রাস্তার বিক্রেতারা কোনও জামানত ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ পান, তখন অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিফলিত হয়। ডিজিটাল প্রযুক্তি এবং ইউপিআই (UPI)-এর মতো প্ল্যাটফর্মগুলি যখন সব ধরনের বিভাজন ঘুচিয়ে দেয়—যা আগে কেবল মুষ্টিমেয় সুবিধাপ্রাপ্ত মানুষের নাগালের মধ্যে ছিল—তখন তা প্রতিটি নাগরিকের হাতের মুঠোয় সুযোগ পৌঁছে দেয়; এর মাধ্যমে আমরা সংবিধানের অন্তর্ভুক্তিমূলক আদর্শকে এগিয়ে নিয়ে যাই। সংবিধানের এই দৃষ্টিভঙ্গির আরও অনেক নিদর্শন রয়েছে। আমাদের আনা বিভিন্ন সংশোধনীকেও এই একই দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। 101তম সংশোধনীর মাধ্যমে জিএসটি (GST) চালু হয়, যা ছিল দীর্ঘ প্রতীক্ষিত একটি সংস্কার। 102তম সংশোধনীর মাধ্যমে ‘জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন’-কে (National Commission for Backward Classes) সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, যা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করেছে। 103তম সংশোধনীটি সমাজে ব্যাপকভাবে গৃহীত হয়েছে। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণিগুলোর (Economically Weaker Sections) জন্য সংরক্ষণের ব্যবস্থা করার মাধ্যমে, এটি এমন সব পরিবারের দীর্ঘদিনের উপেক্ষিত আকাঙ্ক্ষাকে পূরণ করেছে, যারা বর্তমান সংরক্ষণ কাঠামোর বাইরে থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল ৷ 1950 সালের পর এই প্রথম আমাদের সংবিধানের একটি সাম্প্রতিক সংস্করণ এখন অষ্টম তফশিলে উল্লিখিত 22টি ভাষাতেই পাওয়া যাচ্ছে ৷ এটি আমাদের সংবিধানকে জনগণের আরও কাছাকাছি নিয়ে এসেছে ৷ 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হওয়ার পরেও, আমরা 1860-এর দশকের ঔপনিবেশিক দণ্ডবিধি (পেনাল কোড)-র দ্বারা শাসিত হয়ে চলেছিলাম ৷ ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র মাধ্যমে আমরা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করেছি— যেখানে ঔপনিবেশিক আমলের ‘দণ্ড’-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে, আমরা ‘ন্যায়’-এর অন্বেষণে নাগরিক-কেন্দ্রিক এক বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি।

গত এক দশকে আমরা ‘কর্তব্য’ বা একজন নাগরিকের দায়িত্বের উপর বিশেষ জোর দিয়েছি। আমাদের সভ্যতা সবসময়ই সমাজের প্রতিটি ভূমিকার সঙ্গে যুক্ত দায়িত্বগুলির উপর গুরুত্ব আরোপ করে এসেছে। ‘স্বচ্ছ ভারত’ থেকে শুরু করে জল সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার মতো বিভিন্ন গণআন্দোলনে এই ‘কর্তব্য’-বোধের প্রতিফলন ঘটেছে। তবে, আরেকটি অন্য বাস্তবের কথা উল্লেখ করতে আমি বাধ্য হচ্ছি। আমাদের ইতিহাসে এমন সময়ও এসেছে, যখন সংবিধানকে সমুন্নত রাখার দায়িত্বে থাকা ব্যক্তিরাই বরং সংবিধানকে দুর্বল করার পথ বেছে নিয়েছিলেন। পরিহাসের বিষয়, এঁরাই সেই ব্যক্তি, যাঁরা পাঁচ দশক ধরে ভারত শাসন করার সুযোগ পেয়েছিলেন ৷ এ বছর 1951 সালের প্রথম সংবিধান সংশোধনীর 75তম বার্ষিকী। সেই সময়ে, জনগণের দ্বারা নির্বাচিত নয় এমন একটি সরকার অন্তর্বর্তীকালীন সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে মৌলিক স্বাধীনতাগুলিকে সঙ্কুচিত করেছিল। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ঠিক কয়েক মাস আগে এই সংশোধনী আনার ঘটনাটি প্রমাণ করে, এর উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং জনমতকে দমন করা। এছাড়া, জরুরি অবস্থার চরম পর্যায়ে আনা 42তম সংবিধান সংশোধনীরও 50 বছর পূর্ণ হলো। এই সংশোধনী বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাকে খর্ব করেছিল এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্যকে আমূল বদলে দিয়েছিল। আমি তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাব, তারা যেন 38তম ও 39তম সংবিধান সংশোধনীগুলি নিয়ে পড়াশোনা করে—যাতে তাঁরা বুঝতে পারে, ক্ষমতালোভী ও সংবিধানবিরোধী নেতৃত্ব কী ধরনের পদক্ষেপ করতে পারে। নির্বাচিত রাজ্য সরকারগুলিকে বাতিল করার জন্য 356 নম্বর অনুচ্ছেদের বারবার অপব্যবহার একটি অত্যন্ত উদ্বেগজনক অধ্যায় ৷ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝুলিতে 356 নম্বর অনুচ্ছেদটি প্রায় একশোবার প্রয়োগ করার মতো এক কলঙ্কজনক রেকর্ড রয়েছে; এমনকী একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একাই পঞ্চাশবার এই অনুচ্ছেদটি ব্যবহার করেছিলেন ৷ আমাদের সংবিধান প্রণেতারা আশা করেছিলেন, সারা ভারতে সংবিধানটি তার অক্ষর ও মর্মার্থ—উভয় দিক থেকেই কার্যকর হবে। কিন্তু 70 বছরেরও বেশি সময় ধরে 370 ও 35A অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীরে পুরো সংবিধান কার্যকর হতে পারেনি; যার ফলে তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) এবং নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। 2019 সালেই কেবল এই ঐতিহাসিক ভুল সংশোধন করা সম্ভব হয়েছে ৷ কয়েক দশক ধরে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষত উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে, নকশালপন্থীরা বন্দুকের জোরে দরিদ্রতম মানুষদের সেই অধিকারগুলি থেকে বঞ্চিত রেখেছিল, যা আমাদের সংবিধানে তাদের জন্য নিশ্চিত করা হয়েছিল। এ বছর নকশালবাদের সফল নির্মূল একটি অত্যন্ত আনন্দদায়ক ঘটনা; কারণ এটি নিশ্চিত করেছে যে, সমাজের সবচেয়ে দরিদ্র মানুষগুলি এখন কোনও ভয় ছাড়াই তাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবে। বর্তমানে আমাদের সামনে কেবল রয়েছে ‘দিমাগি নকশাল’ (মানসিক বা বুদ্ধিবৃত্তিক নকশাল)—যারা আমাদের সময়ের বাস্তবতা থেকে অনেক দূরে থেকেও, আমাদের উন্নয়নের গতিপথকে ব্যাহত করার প্রচেষ্টায় অবিচল রয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক যে, প্রধান বিরোধী দলটি ওবিসি (OBC) সংরক্ষণ কমিয়ে তার পরিবর্তে মুসলিমদের জন্য সংরক্ষণ করতে চায়—এমন একটি বিষয়, যার ঘোর বিরোধী ছিলেন আমাদের সংবিধান প্রণেতারা, বিশেষ করে ড. বাবাসাহেব আম্বেদকর। আমাদের সংবিধানের যাত্রাপথ সেই অসাধারণ নারীদের স্বীকৃতি ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে, যাঁরা এর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে এই বছরের শুরুর দিকে যা ঘটেছে, তা আমাদের লজ্জিত করে। আইনসভায় নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আনা একটি বিল পাশ হতে দেয়নি প্রধান বিরোধী দলটি; এটি আবারও সাংবিধানিক মূল্যবোধের প্রতি তাদের অবজ্ঞাকেই তুলে ধরে ৷ আমি ভারতের ‘নারী শক্তি’-কে আশ্বস্ত করছি, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার পথে কোনও শক্তিই আমাদের বাধা দিতে পারবে না। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে বিরোধী দলের জন্য একটি সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। দুঃখজনকভাবে, প্রধান বিরোধী দলটি যেন ‘বিরোধ পক্ষ’ (Opposition)-এর চেয়ে ‘অবরোধ পক্ষ’ (Obstructionist)-এ পরিণত হয়েছে। তাদের বোঝা উচিত, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *