উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দুই লাইফলাইন-কালিম্পং এবং সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগের প্রধান মাধ্যম ১০ নম্বর জাতীয় সড়ক। ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষ করে বর্ষার মরশুমে এই সড়কটি নিত্যদিন খবরের শিরোনামে চলে আসে অনবরত ধস, আকস্মিক পথ অবরোধ এবং তীব্র যানজটের সৌজন্যে। নিত্যযাত্রী, পণ্যবাহী গাড়ির চালক এবং পর্যটকদের চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয় ৷ দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দিকে একধাপ এগোল প্রশাসন ৷ এবার আগে থেকে রাস্তার পরিস্থিতি জানা যাবে ৷ সেই মতো যাত্রীরা সিদ্ধান্ত নিতে পারবেন ৷ দীর্ঘমেয়াদি সঙ্কটের আধুনিক ও ডিজিটাল সমাধান সূত্র নিয়ে এল কালিম্পং পুলিশ। সোমবার কালিম্পঙের টাউন হলে আয়োজিত একটি অনুষ্ঠানে চালু করা হল ‘NH10 Status’ নামক রিয়েল-টাইম মোবাইল অ্যাপ্লিকেশন। কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী অ্যাপের লোগো উন্মোচন করে বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক কুহুক ভূষণ, পুলিশ সুপার অপরাজিতা রাই এবং ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (ট্রাফিক) বিশাল সরকার সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা।