শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাড়িতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ আর তারপরেই সোজা অভিনেতা, পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন অমিত শাহ ৷ সেখানে প্রসেনজিতের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ প্রায় 15 মিনিট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাঁর ৷ তবে, ঠিক কী কারণে অভিনেতার বাড়িতে তাঁর যাওয়া ও কী কথা হয়েছে দু’জনের মধ্যে, সে বিষয়ে কোনও পক্ষই স্পষ্ট করে কিছু জানায়নি ৷ এ দিন বিকেল পাঁচটা নাগাদ বালিগঞ্জে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি ‘উৎসব’-এ যান অমিত শাহ ৷ তাঁর সঙ্গে প্রসেনজিতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ পরে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী নিশীথ প্রামাণিককেও দেখা যায় অভিনেতার বাড়িতে ঢুকতে ৷ উল্লেখ্য, কিছুদিন আগেই প্রসেনজিৎ দিল্লিতে গিয়েছিলেন পদ্মশ্রী সম্মান গ্রহণ করার জন্য ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয় তাঁর ৷ সূত্রের খবর, সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অমিত শাহকে তাঁর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ এবার কলকাতায় এসে ঠাসা কর্মসূচির মাঝেই বাংলা চলচ্চিত্র জগতের ‘জ্যেষ্ঠপুত্র’র সঙ্গে বালিগঞ্জের বাড়িতে দেখা করলেন শাহ ৷ এই সাক্ষাতের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “আপনাকে আমার বাড়িতে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করেছি, অমিত শাহজি । আপনার আন্তরিক আগমন, এবং আমাকে উপহার হিসেবে দেওয়া বইগুলির জন্য আন্তরিক ধন্যবাদ । আপনার সঙ্গে কাটানো সময়, আমার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে । আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব । আপনার এই আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ ।” উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর ‘উৎসব’ বাড়িতে এর আগেও বহুবার বহু রাজনৈতিক নেতার আগমন ঘটেছে ৷ সবসময়ই তিনি বলে এসেছেন, সেই সাক্ষাতের মধ্যে রাজনীতির রঙ না-খুঁজতে ৷